Friday, October 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

শুরুতেই ৩০ হাজারের বেশি বেতন, যেসব প্রতিষ্ঠানে চাকরির সুযোগ

আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী আবেদন করতে হবে

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ এএম

চাকরির ক্ষেত্রে পদ ও প্রতিষ্ঠানের পাশাপাশি বেতনও প্রার্থীদের কাছে গুরুত্বপূর্ণ। বিশেষ করে কর্মজীবনের শুরুতে ভালো বেতনের চাকরি পেতে চান অনেকেই। সম্প্রতি প্রকাশিত সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিতে শুরুতেই ৩০,০০০ টাকার বেশি বেতনের সুযোগ রয়েছে। কোনো কোনো পদে প্রারম্ভিক বেতন ৪৪,০০০ থেকে ৪৬,০০০ টাকা। আবার কয়েকটি পদের বেতন স্কেলের সর্বোচ্চ ধাপ ১ লাখ টাকা ছাড়িয়েছে। এসব নিয়োগের বেশ কয়েকটিতে এখনও আবেদনের সুযোগ রয়েছে। 

বেসরকারি প্রতিষ্ঠানে অভিজ্ঞ ও নতুনদের সুযোগ

উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে (ইএসডিও) ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে ৩০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এ পদে মাসিক প্রারম্ভিক বেতন ৪৬,০০০ টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রির পাশাপাশি ঋণ কার্যক্রম পরিচালনায় চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করা যাবে ২০ অক্টোবর পর্যন্ত। 

অন্যদিকে, নতুন স্নাতকদের জন্যও রয়েছে ভালো বেতনে চাকরির সুযোগ। প্রাণ–আরএফএল গ্রুপ ‘ট্রেইনি জোনাল ম্যানেজার’ পদে ১০০ জন কর্মী নিয়োগ দেবে। এ পদে শুরুতেই মাসিক বেতন ৪০,০০০ টাকা। যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অভিজ্ঞতার বাধ্যবাধকতা না থাকায় নতুন স্নাতকেরাও আবেদনের সুযোগ পাবেন। আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর।

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসেও রয়েছে চাকরির সুযোগ। প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ-নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং’ পদে কর্মী নিয়োগ দিচ্ছে। এ পদে মাসিক বেতন ৩৫,০০০ টাকা। ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা খাদ্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারীরা ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। বেতনের পাশাপাশি উৎসব বোনাস, দুপুরের খাবার ও জীবনবিমার সুবিধাও রয়েছে।

পেট্রোবাংলা ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে উচ্চ বেতন স্কেলের বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর মধ্যে পেট্রোবাংলা ও এর অধীন ১২টি কোম্পানিতে নবম ও দশম গ্রেডে মোট ৭৫৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। নবম গ্রেডের বেতন স্কেল ৪৪,০০০ থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। দশম গ্রেডের বেতন স্কেল ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা। এসব পদে আবেদন শুরু হবে ১৮ অক্টোবর, চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।

নিয়োগের ক্ষেত্রে সাধারণ প্রশাসনিক পদের পাশাপাশি প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কেমিক্যাল, পেট্রোলিয়াম, ভূতত্ত্ব ও রসায়ন বিষয়ে সংশ্লিষ্ট পদও রয়েছে।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও প্রশাসনিক পেশায় আগ্রহীদের জন্যও সুযোগ রয়েছে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নয়টি বিভাগে ১৯ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এসব পদ নবম গ্রেডের, যার বেতন স্কেল ৪৪,০০০ থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। আবেদন করা যাবে ১৪ অক্টোবর পর্যন্ত।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়েও (বুটেক্স) প্রভাষকসহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রভাষক পদের প্রারম্ভিক বেতন স্কেল ৪৪,০০০ টাকা। আবেদন করা যাবে ২৯ অক্টোবর পর্যন্ত।

এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সহকারী ব্যবস্থাপক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহকারী কম্পট্রোলার ও সেকশন অফিসার পদেও ৩০,০০০ টাকার বেশি বেতন স্কেলে চাকরির সুযোগ রয়েছে। এসব পদে আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর।  

বিভিন্ন প্রতিষ্ঠানের এসব নিয়োগ বিজ্ঞপ্তিতে একদিকে যেমন অভিজ্ঞ পেশাজীবীদের সুযোগ রয়েছে, অন্যদিকে কিছু পদে নতুন স্নাতকরাও আবেদন করতে পারবেন। তবে পদভেদে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত আলাদা। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখে যোগ্যতা ও আবেদনের সময়সীমা নিশ্চিত হওয়া জরুরি।

   

About

Popular Links

x