বেসরকারী সংস্থা সাথী বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে ঢাকার বিভিন্ন মহিলা মাদ্রাসার অসহায়, এতিম এবং সুবিধাবঞ্চিত ২১০ নারী ও কিশোরীদের মাঝে ঈদ উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং স্বাস্থ্য-সুরক্ষার জন্য পুনরায় ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যেরে দাম বেড়ে যাওয়ায় নির্দিষ্ট কিছু শ্রেণির মানুষ সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছেন। এছাড়াও করোনাভাইরাস পরবর্তী সময়ে অনেকের আয় বন্ধ বা কমে যাওয়ার ফলে হিমশিম খেতে হচ্ছে। এই অবস্থায় অসংখ্য পরিবারের ছেলেদের কাজে লাগিয়ে দেওয়া হয়েছে এবং অনেক মেয়েদের বাল্যবিবাহ হয়েছে।এসব পরিস্থিতি বিবেচনায় সাথী বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে রমজানের বাজার ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এই কার্যক্রম বাস্তবায়নে সহযোগীতা করার জন্য সাথী বাংলাদেশের শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, প্রতিটি মাদ্রাসায় অভিজ্ঞতাসম্পন্ন ট্রেইনার দ্বারা মাসিক স্বাস্থ্য-সুরক্ষা সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিছন্নতা সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়েছে।
প্রসঙ্গত, নারীদের সুস্থ মাসিক স্বাস্থ্য নিশ্চিতকরণের মাধ্যমে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত সাথী বাংলাদেশ লিমিটেড ২০২০ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি এখন পর্যন্ত সারাদেশে ২০ হাজারের বেশি নারী-কিশোরীকে বিনামূল্যে পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে। সংস্থাটি স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী, যৌন কর্মী, কারখানা শ্রমিক, রেলস্টেশনের নারী কুলি, ক্ষুদ্র নারী উদ্যোক্তা, পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন পর্যায়ের নারী ও কিশোরীদের নিয়ে কাজ করছে।



