নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কোস্টগার্ডের পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রুহান মনজুরের নেতৃত্বে ফতুল্লার ভুইঘর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সিলেট থেকে ঢাকাগামী একটি বালুবোঝাই ট্রাককে কাঁচপুর সেতু এলাকায় থামার সঙ্কেত দেয় কোস্টগার্ড।
কিন্তু চালক সংকেত অমান্য করে সামনের দিকে এগিয়ে গেলে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে ভুইঘর এলাকায় ট্রাকটির গতিরোধ করতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে ট্রাকের চালক ও অন্যান্যরা পালিয়ে যায়। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বালুর নিচে অভিনব কায়দায় লুকানো ২,৬০৮টি শাড়ি, ১,৩৪৩টি চাদর ও ১২,০৪৮টি স্কিন ব্রাইট ক্রিম জব্দ করা হয়।
এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছিল বলে জানায় কোস্টগার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, জব্দ শাড়ি-কাপড়, কসমেটিক্স ও ট্রাকটি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়।



