ইসলামি লেখক-গবেষক ও মুক্তিযোদ্ধা মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী আল আজহারী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী ইসলামিক ফাউন্ডেশনের লেখক-গবেষক ও সম্পাদকের দায়িত্বে ছিলেন। বাংলাদেশ জমিয়াতুল মুদাররেসিনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন তিনি।
তিনি ১৯৭৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত গণভবন ও সচিবালয় মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন। তার লিখিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক।
মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর জানাজা শুক্রবার রাত ১০টা্য় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন আরজাবাদ হুসাইনিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। এরপর তাকে মিরপুর-১১ নম্বরের জান্নাতুল মাওয়া কবরস্থানে দাফন করা হয়।



