Thursday, July 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

খড়কুটোর পরিবর্তে অপটিক্যাল ফাইবার ক্যাবল দিয়ে বাসা বাঁধছে পাখিরা

ইউক্রেনে যুদ্ধের ফ্রন্টলাইনের কাছে দেখা গেছে এমন অনেক পাখির বাসা

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৬:১৫ পিএম

দীর্ঘ চার বছর ধরে চলা যুদ্ধের কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাসহ ব্যাপক ক্ষতির মুখে ইউক্রেন। এই যুদ্ধের প্রভাব পড়েছে জীব-বৈচিত্র্যে। ঘাস, লতা-পাতা ও খড়কুটোর পরিবর্তে যুদ্ধে ব্যবহৃত অপটিক্যাল ফাইবার ক্যাবল দিয়ে বাসা বাঁধছে পাখিরা, ফলে স্পষ্ট হচ্ছে যুদ্ধের ভয়াবহতা।   

বার্তা সংস্থা রয়য়ার্সের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রায় ১,২০০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে অতি পাতলা অপটিক্যাল ফাইবার ক্যাবল। ইউক্রেনে যুদ্ধের ফ্রন্টলাইনের কাছে দেখা গেছে এমন অনেক পাখির বাসা। ওই সব এলাকা অসংখ্য অপটিক ফাইবার দিয়ে ছেয়ে রয়েছে, যা দিয়ে সেনারা তাদের যুদ্ধ ড্রোন নিয়ন্ত্রণ করে। বর্তমানে এসব ক্যাবলই পাখিদের বাসা তৈরির নতুন উপকরণে পরিণত হয়েছে।

২০ কিলোমিটার দীর্ঘ ফাইবার-অপটিক ক্যাবলগুলো ইউক্রেনের যুদ্ধক্ষেত্রসংলগ্ন অঞ্চলের গাছপালা, খোলা মাঠ ও শহরের ভবনের ছাদে জড়িয়ে-ছড়িয়ে রয়েছে, যা সূর্যের আলোয় বিশাল মাকড়সার জালের আকৃতি ধারণ করে।

কিয়েভের যুদ্ধ জাদুঘরের জ্যেষ্ঠ গবেষক ইয়ানা হ্রিনকো জানান, যুদ্ধক্ষেত্রে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এসব ফাইবার-অপটিক ক্যাবল এখন পাখিরা বাসা তৈরির কাজে ব্যবহার করছে। যুদ্ধের সামনের সারি থেকে ইউক্রেনীয় সেনাদের উদ্ধার করা দুটি পাখির বাসা পরীক্ষা করতে গিয়ে তিনি এ তথ্য জানান।

ইয়ানা হ্রিনকো বলেন, প্রথম বাসাটিতে মূলত শুকনো ঘাস ও ফাইবার-অপটিক ক্যাবল ব্যবহার করা হয়েছে। উপাদানগুলো দিয়ে খুব শক্তভাবে পেঁচিয়ে বাসাটি তৈরি করা হয়েছে।”

ইতিহাসের অংশ হিসেবে একটি পাখির বাসা ইউক্রেনের যুদ্ধ জাদুঘর এবং গবেষণার জন্য আরেকটি নেদারল্যান্ডেসে পাঠানো হবে বলে জানান ইউক্রেনের এই গবেষক। গবেষণা শেষে সেটি আবার ইউক্রেনে ফিরিয়ে আনা হবে।

নেদারল্যান্ডসের লাইডেন শহরের ৩৩ বছর বয়সী জীববিজ্ঞানী আউকে-ফ্লোরিয়ান হিমস্ট্রা বলেন, “ইউক্রেনে পাখির প্রজাতিগত বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। তাই সেখানে অনেক ধরনের পাখিই এমন বাসা তৈরি করে থাকে। কৃত্রিম উপকরণ দিয়ে তৈরি পাখির বাসাগুলো কোন প্রজাতির পাখি তৈরি করেছে, তা নির্ধারণে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

হিমস্ট্রা আরও বলেন, “বাসার ভেতরে রয়ে যাওয়া ডিএনএ পরীক্ষা করে আমরা শনাক্ত করার চেষ্টা করবো আসলে কোন প্রজাতির পাখি এটি তৈরি করেছে। আমি জীবনে বহু পাখির বাসা দেখেছি, কিন্তু সত্যি বলতে এমন অবিশ্বাস্য বাসা আগে কখনো দেখিনি।”

অপটিক্যাল ফাইবার ক্যাবল দিয়ে তৈরি এই বাসা মজবুত হলেও তা পাখিদের জন্য ক্ষতির কারণ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন নেদারল্যান্ডের এই জীববিজ্ঞানী।  

একদিকে সূক্ষ্ম এসব ক্যাবলে জড়িয়ে পড়ে পাখিদের ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে, অন্যদিকে এটি বাসাগুলোকে বেশ মজবুত ও টেকসই করতেও সাহায্য করতে পারে বলে জানান তিনি।

   

About

Popular Links

x