ঘিঞ্জি ঢাকার শহুরে জঞ্জাল থেকে মুক্তি পেতে অনেকেই অলস সময় কাটাতে কিংবা অবকাশ যাপনে একটু বেড়াতে যেতে চান বাইরে কোথাও। কিন্তু কোথায় যাবেন, কেমন পরিবেশ, খরচই বা কেমন? এসব নিয়ে চিন্তা করতে হয়, খুঁজতে হয় লোকেশন। করতে হয় বাড়তি পরিশ্রম।
‘‘ঢাকা ট্রিবিউন’’ পাঠকদের জন্য সেই কাজ কিছুটা সহজ করেছে। নিজেরাই খুঁজেছে ঢাকার ঠিক কোলেই আশুলিয়ায় এমন পাঁচটি স্পট, তথা রিসোর্টের তথ্য। যেখানে সপরিবারে নির্মল পরিবেশে, নিরাপদে প্রাকৃতিক আবেশে সময় কাটানোর সুব্যবস্থা রয়েছে।
আশুলিয়া জুড়ে পাঁচটি রিসোর্টের তথ্য পাওয়া যায়। এরমধ্যে- আশুলিয়ার আশুলিয়ার জামগড়া এলাকায় রয়েছে ‘‘রিসোর্ট আটলান্টিস’’। আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ডের পাশেই রয়েছে ‘‘মমতা পল্লী রিসোর্ট’’।
জিরাবো এলাকায় আরও একটি রিসোর্ট রয়েছে ‘‘বর্ণচ্ছটা রিসোর্ট’’। উত্তরা উত্তর স্টেশন থেকে স্বল্প দূরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খুব কাছে উত্তর দত্তপাড়া এলাকায় রয়েছে ‘‘আর্ক ক্যাসেল রিসোর্ট’’। আর আশুলিয়ার দক্ষিণ গৌরীপুর এলাকায় রয়েছে ‘‘স্যাফায়ার হোটেল আ্যান্ড রিসোর্ট লিমিটেড’’, এই রিসোর্টটি অবশ্য বর্তমানে নির্মাণ ও সংস্কার কাজ চলছে।
চলুন জেনে নেওয়া যাক রিসোর্টগুলোর তথ্য-
রিসোর্ট আটলান্টিস: থাকা ও বিনোদন একসঙ্গে
আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সে অবস্থিত ‘‘রিসোর্ট আটলান্টিস’’। এটি মূলত থাকার পাশাপাশি থিম পার্ক ও ওয়াটার পার্কের বিনোদন একসঙ্গে উপভোগের সুযোগ করে দেয়।
রিসোর্টটির সবচেয়ে বড় আকর্ষণ হলো, এখানে অবস্থানকারী অতিথিরা ‘‘ফ্যান্টাসি কিংডমের আটটি রাইড’’ এবং ‘‘ওয়াটার কিংডম’’-এর সবগুলো ওয়াটার রাইডে বিনা মূল্যে প্রবেশের সুবিধা পান। এর সঙ্গে দুজনের জন্য কমপ্লিমেন্টারি নাশতাও রয়েছে।
রিসোর্টে রয়েছে ডিলাক্স, সুপার ডিলাক্স, স্যুট ও ইকোনমি ক্যাটাগরি—এই চার ধরনের কক্ষ। ওয়েবসাইটে প্রকাশিত বর্তমান মূল্যে ইকোনমি কক্ষের ভাড়া ৬ হাজার ৫০০ টাকা, ডিলাক্স ৮ হাজার, সুপার ডিলাক্স ৯ হাজার এবং স্যুইট কক্ষের ভাড়া ১০ হাজার টাকা। ডিলাক্স রুমে দুজন থাকার ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, সংযুক্ত বাথরুম, ওয়াই-ফাই, গরম পানির ব্যবস্থা, পার্কিং ও রুম সার্ভিস রয়েছে।
বর্তমানে প্রতিটি ধরনের কক্ষের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
সুপার ডিলাক্স কক্ষে রয়েছে আলাদা বসা ও ঘুমানোর জায়গা এবং ওয়াটার কিংডমের দিকে মুখ করা ব্যক্তিগত ব্যালকনি। পাশাপাশি টেলিভিশন, ওয়াই-ফাই, গরম পানির ব্যবস্থা, লন্ড্রি সার্ভিসসহ বিভিন্ন সুবিধা রয়েছে। অতিথিদের জন্য সিনেমা প্রদর্শন, বারবিকিউ, সাংস্কৃতিক আয়োজন, স্নুকার ও বিভিন্ন ইনডোর গেমের ব্যবস্থার কথাও ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
করপোরেট বা সামাজিক আয়োজনের জন্য রয়েছে মিটিং স্পেস ও ভিআইপি লাউঞ্জ। রিসোর্টে ২৪ ঘণ্টা রিসেপশন ও রুম সার্ভিসও রয়েছে।
ঠিকানা- ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স, আশুলিয়া, সাভার, ঢাকা। বুকিংয়ের জন্য যোগাযোগ করা যাবে ০১৯৩৭-৪০২৯৪৯ নম্বরে। এছাড়াও তাদের ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে- https://resortatlantis.net/
মমতা পল্লী রিসোর্ট: শহরের কাছে প্রকৃতির মাঝে অবকাশ
ঢাকার কাছে বেড়ানোর অন্যতম স্পট হতে পারে ‘‘মমতা পল্লী রিসোর্ট’’। ঢাকা-আশুলিয়া-বাইপাইল সড়কের জিরাবো বাসস্ট্যান্ড থেকে ৫০০ মিটার দূরে দেওয়ান ইদ্রিস সড়কে অবস্থিত এই রিসোর্টে প্রকৃতির সবুজ পরিবেশের পাশাপাশি রয়েছে নানা বিনোদন ও থাকার ব্যবস্থা।
রিসোর্টটির নিজস্ব ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এখানে রয়েছে সুইমিংপুল, টপ ফ্লোর রেস্টুরেন্ট, ফিটনেস সেন্টার, ইনডোর ও আউটডোর গেমস, শিশুদের জন্য প্লে জোন, পুলসাইড লাউঞ্জ, ইনডোর লাউঞ্জ এবং প্রশস্ত পার্কিংয়ের ব্যবস্থা।
এছাড়া ক্রিকেট, ফুটবল ও ভলিবলের মতো খেলাধুলার পাশাপাশি টেবিল টেনিস, লুডু ও ক্যারম খেলার সুযোগও রয়েছে। ফটোশুটের জন্য রয়েছে আলাদা স্পট। গাড়ি নিয়ে গেলে ভেহিকল ওয়াশের সুবিধাও মিলবে।
থাকার জন্য রয়েছে ডিলাক্স, প্রিমিয়াম, কাপলস স্যুট ও ফ্যামিলি স্যুট।
অনলাইন হোটেল তালিকায় প্রতি রাতের দাম ডিলাক্স রুমে প্রায় ৫ হাজার ৫৩৪ টাকা, প্রিমিয়াম রুমে ৬ হাজার ৬৪১ টাকা এবং কাপলস স্যুটে ৭ হাজার ৭৪৮ টাকা থেকে দেখানো হয়েছে। তবে তারিখ, অফার ও প্যাকেজ অনুযায়ী ভাড়া পরিবর্তিত হতে পারে।
দিনভর ঘোরার জন্যও রয়েছে প্যাকেজ। আগের প্রকাশিত তথ্য অনুযায়ী, সুইমিং ডে-লং প্যাকেজ ৯৯৯ টাকা থেকে শুরু হয়েছিল; এতে দুপুরের খাবার, সুইমিংপুল ও খেলার মাঠ ব্যবহারের সুবিধা ছিল।
অবকাশ যাপন, পিকনিক, জন্মদিন, করপোরেট অনুষ্ঠান, সম্মেলন কিংবা পারিবারিক আয়োজন—বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য বুকিং নেওয়া হয়। যোগাযোগের জন্য রিসোর্টের ওয়েবসাইটে দেওয়া নম্বর: ০১৮৭৭৭০৩১৫৭ ও ০১৮৭৭৭০৩১৫৮। এছাড়াও তাদের ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে- https://mamatapalliresort.com/
বর্ণচ্ছটা রিসোর্ট: সবুজের মাঝে ছুটির এক টুকরো আয়োজন
আশুলিয়ার জিরাবো এলাকায় প্রকৃতির সবুজের মধ্যে গড়ে উঠেছে ‘‘বর্ণচ্ছটা রিসোর্ট’’। শহরের কাছেই নিরিবিলি পরিবেশে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে দিন কাটানো বা রাতযাপনের জন্য এখানে রয়েছে নানা আয়োজন। রিসোর্টটির ঠিকানা ইয়ারপুর, জিরাবো, সাভার, ঢাকা। ঢাকা-আশুলিয়া-বাইপাইল সড়কের জিরাবো বাসস্ট্যান্ড থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এই রিসোর্টের অবস্থান।
বর্ণচ্ছটার অন্যতম আকর্ষণ এর সুইমিংপুল। বড়দের পাশাপাশি শিশুদের জন্য আলাদা অগভীর পুল রয়েছে। পুলের পাশে রয়েছে চেঞ্জিং রুম, লকার, শাওয়ার, বসার ব্যবস্থা ও ছাতাযুক্ত চেয়ার। শিশুদের জন্য রয়েছে আলাদা প্লেগ্রাউন্ড। খেলাধুলার জন্য দুটি বড় মাঠে বাস্কেটবল, ভলিবল ও ব্যাডমিন্টনের সুযোগ রয়েছে। চাইলে অতিরিক্ত খরচে সাইক্লিং ও মাছ ধরার আয়োজনেও অংশ নেওয়া যায়।
রিসোর্টটির আরেকটি ব্যতিক্রমী জায়গা লাইব্রেরি। আলাদা ভবনে থাকা এই লাইব্রেরিতে বই পড়া কিংবা কাজ করার জন্য শান্ত পরিবেশ ও ইন্টারনেট সুবিধা রয়েছে। আছে বুটিক ও চায়ের জায়গাও। কয়েক শ বছরের পুরোনো একটি বটগাছকে ঘিরে তৈরি করা হয়েছে খোলা জায়গা, যেখানে আয়োজন করা যায় বিভিন্ন অনুষ্ঠান। করপোরেট অনুষ্ঠান ও বড় জমায়েতের জন্য রয়েছে কনফারেন্স সেন্টার।
রাতযাপনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের কটেজ ও কক্ষ। মিতালী রুমের বর্তমান মূল্য ১০ হাজার ৫০০ টাকা, শ্যামলী ও দীপালি পুল কটেজ ১২ হাজার টাকা, বনলতা শীন ও সন্ধ্যা মততি কটেজ ১২ হাজার ৫০০ টাকা এবং আকশমণি বা শর্ণালী প্রাইভেট কটেজ ২০ হাজার টাকা। এসব মূল্যের সঙ্গে খাবারের প্যাকেজও অন্তর্ভুক্ত রয়েছে; তবে ৫ শতাংশ সার্ভিস চার্জ আলাদা।
শুধু রাতযাপন নয়, দিনভর ঘোরার প্যাকেজও রয়েছে। ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডে প্যাকেজে স্বাগত পানীয়, ফল, নাশতা, দুপুরের খাবার, বিকেলের নাশতা, ৯০ মিনিট সুইমিংপুল ব্যবহার ও শিশুদের প্লেগ্রাউন্ড ব্যবহারের সুযোগ রয়েছে। প্যাকেজের মূল্য কক্ষভেদে ৭ হাজার ৫০০ থেকে ১৫ হাজার টাকা; গ্রুপ প্যাকেজে জনপ্রতি ৩ হাজার টাকা থেকেও শুরু হয়।
বুকিংয়ের জন্য যোগাযোগ করা যাবে ০১৯২৫-৩০৩১৭৭ নম্বরে। এছাড়াও তাদের ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে- https://barnochata.com/
সাফায়ার হোটেল অ্যান্ড রিসোর্ট: সবুজের মাঝে বিলাসী অবকাশ
আশুলিয়ার দক্ষিণ গৌরীপুরে কুমকুমারী বাজারের বিপরীতে গড়ে উঠেছে ‘‘সাফায়ার হোটেল অ্যান্ড রিসোর্ট’’। ঢাকার কেন্দ্র থেকে প্রায় ২২ দশমিক ৬ কিলোমিটার দূরের এই রিসোর্টকে কর্তৃপক্ষ প্রকৃতি ও আধুনিকতার সমন্বয়ে তৈরি অবকাশযাপন কেন্দ্র হিসেবে তুলে ধরেছে।
রিসোর্টে রয়েছে কটেজ, প্রিমিয়াম রুম ও বাংলো ধরনের থাকার ব্যবস্থা। সুইমিংপুলের পাশাপাশি শিশুদের খেলার জায়গা ও বিভিন্ন বিনোদনের ব্যবস্থাও রয়েছে।
রাতযাপনের জন্য রয়েছে ফুল-বোর্ড প্যাকেজ। দুইজনের জন্য কটেজের মূল্য ৯ হাজার ৯৫০ টাকা। পার্ল টাওয়ারে দুইজনের জন্য ৮ হাজার ৭৫০ টাকা এবং চারজনের জন্য ১৭ হাজার ৭৫০ টাকা। এসব প্যাকেজে দুপুরের খাবার, বিকেলের নাশতা, রাতের খাবার ও পরদিন সকালের নাশতা রয়েছে।
শিশুদের ক্ষেত্রে চার বছরের কম বয়সীদের জন্য কোনো অতিরিক্ত মূল্য দিতে হয় না। ৫ থেকে ৮ বছর বয়সী শিশুদের জন্য খাবারের মূল্যের ৫০ শতাংশ নেওয়া হয়।
এক দিনের ভ্রমণের জন্য রয়েছে ডে-লং গ্রুপ প্যাকেজ। এ প্যাকেজের মূল্য জনপ্রতি ২ হাজার ২৫০ টাকা। ১৫ জনের জন্য একটি কক্ষ বিনামূল্যে ব্যবহারের সুযোগ রয়েছে। এর সঙ্গে সকালের নাশতা, দুপুরের খাবার, বিকেলের নাশতা, সুইমিংপুল, খেলার মাঠ, ক্রিকেট ও ফুটবল খেলার সুবিধা রয়েছে। ৫ থেকে ৮ বছর বয়সী শিশুদের জন্য প্যাকেজের মূল্য ১ হাজার ৩৫০ টাকা; চার বছরের কম বয়সীদের জন্য বিনামূল্যে।
দম্পতিদের জন্যও রয়েছে আলাদা ডে-লং প্যাকেজ। অ্যাস্থেটিক কটেজে দুইজনের জন্য এর মূল্য ৭ হাজার ৫০০ টাকা এবং পার্ল টাওয়ারে ৬ হাজার ৫০০ টাকা। প্যাকেজে সকালের নাশতা, দুপুরের খাবার, বিকেলের নাশতা ও সুইমিংপুল ব্যবহারের সুবিধা রয়েছে। এ ছাড়া সাইকেল চালানোসহ অন্যান্য বিনোদনের সুযোগ রয়েছে।
ডে-লং প্যাকেজে চেক-ইন সকাল সাড়ে ৯টায় এবং চেক-আউট বিকেল ৬টায়।
দুপুরের খাবারে রয়েছে স্যুপ, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, চাইনিজ সবজি, কোমল পানীয়, জর্দা বা ফিরনি এবং মিনারেল ওয়াটার। বিকেলের নাশতায় রয়েছে চাওমিন, ফ্রেঞ্চ ফ্রাই ও চা-কফি।
রুমে খাবার নেওয়া হলে মোট বিলের সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ চার্জ যুক্ত হবে। প্যাকেজের ক্ষেত্রে অন্যান্য শর্ত প্রযোজ্য।
রিসোর্টটির ঠিকানা—দক্ষিণ গৌরীপুর, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪১। বুকিংয়ের জন্য যোগাযোগ করা যাবে ০১৯৮৩-৭২১৬৬৫ ও ০১৯৭৩-৩৯৩২৬৬ নম্বরে। এছাড়াও তাদের ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে- https://sapphireresortltd.com/
আর্ক ক্যাসেল রিসোর্ট: লেকের পাশে দিনভর অবকাশ
আশুলিয়া মডেল টাউনের লেক রোডে উত্তর দত্তপাড়া এলাকায় অবস্থিত ‘‘আর্ক ক্যাসেল রিসোর্ট’’। ঢাকার উত্তরা ও আশপাশের এলাকার কাছাকাছি হওয়ায় পরিবার কিংবা বন্ধুদের নিয়ে একদিনের জন্য ঘুরে আসার সুযোগ রয়েছে এখানে। লেকের পাশের অবস্থান এবং সবুজ পরিবেশ রিসোর্টটির অন্যতম আকর্ষণ।
আর্ক ক্যাসেলে রয়েছে সুইমিংপুল। পরিবারের সদস্যদের নিয়ে সাঁতার, খেলাধুলা ও অবসর কাটানোর পাশাপাশি দিনভর আড্ডা দেওয়ার সুযোগও রয়েছে। খেলাধুলার জন্য রয়েছে টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ফুটবল ও ক্রিকেটের ব্যবস্থা। ফলে শুধু বসে সময় কাটানো নয়, চাইলে খেলাধুলায়ও ব্যস্ত রাখা যায় নিজেদের।
দিনভর অবস্থানের সময় খাবারের ব্যবস্থাও রয়েছে। সকালের নাশতা, দুপুরের খাবার, চা ও বিকেলের নাশতাসহ বিভিন্ন খাবারের আয়োজন করা হয়। অর্থাৎ বাইরে থেকে খাবারের ব্যবস্থা করার ঝামেলা ছাড়াই একটি দিনের অবকাশ কাটানোর সুযোগ রয়েছে।
রিসোর্টটির ঠিকানা- উত্তর দত্তপাড়া, প্লট ১৪–১৭, লেক রোড, ব্লক-এফ, আশুলিয়া মডেল টাউন। বিশেষ করে যারা ঢাকার খুব বেশি দূরে না গিয়ে পরিবার নিয়ে সাঁতার, খেলাধুলা ও খাওয়াদাওয়ার মধ্য দিয়ে একটি দিন কাটাতে চান, তাদের জন্য এটি বিবেচনায় রাখা যেতে পারে।
রুম বুকিং, ডে-আউট প্যাকেজ ও অন্যান্য সুবিধার বিস্তারিত জানতে রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে আগে যোগাযোগ করে নেওয়া ভালো। যোগাযোগ: ০১৮২৯-৩৭৫২৮০।



