Sunday, August 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রুনেইয়ের সুলতানের চুল ছাঁটার মাসিক খরচ ১৭ লাখ টাকা!

ব্রুনেইয়ের ৯২তম সুলতানের ১১০টি গ্যারেজে ৫০০টি রোলস রয়েস এবং ৩০০টি ফেরারিসহ ৫০০ কোটি ডলারেরও বেশি দামি প্রায় ৭ হাজার গাড়িও রয়েছে 

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৫ পিএম

রাজতন্ত্রের অবসান হয়েছে বহু আগেই। গণতন্ত্রের এ যুগে খুব বেশি দেশে রাজতন্ত্র প্রচলিত নেই। আর যদি থাকেও, তাতে পুরনো যুগের রাজা-বাদশাহদের মতো এখনকার সরকার প্রধানদের জৌলুশ তেমন নেই বললেই চলে।

তবে মালয়েশিয়া এবং দক্ষিণ চিন সাগরে ঘেরা বোর্নিয়ো দ্বীপের ছোট্ট দেশ ব্রুনেইয়ের ক্ষেত্রে দেখা যায় ব্যতিক্রম। ব্রুনেইয়ের সুলতান হিসেবে দায়িত্বরত ৭৫ বছর বয়সী হাসানঅল বোকাইয়া এখনও রাজসিকভাবেই নিজের জীবন পরিচালনা করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন অনুযায়ী, কেবল চুল ছাঁটার পেছনেই প্রতি মাসে তার খরচ হয় ১৭ লাখ টাকা। সেই সঙ্গে ১১০টি গ্যারেজে ৫০০টি রোলস রয়েস এবং ৩০০টি ফেরারিসহ প্রায় ৭ হাজার গাড়িও রয়েছে তার।


পৃথিবীর কাছে হাসানঅল বোকাইয়া নামে পরিচিত ব্রুনেইয়ের সুলতানের আসল নাম তৃতীয় হাসানঅল বোকাইয়া ইবনি ওমর আলি সইফউদ্দিন। ইসলামিক রীতি মেনে ব্রুনেইয়ের  সুলতান হওয়ার ছাড়াও তিনি দেশটির প্রধানমন্ত্রীও বটে। একইসঙ্গে অর্থ, পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের হর্তাকর্তাও তিনি।

শুধু তাই না, ব্রুনেইয়ের সশস্ত্র বাহিনীরও প্রধানও হাসানঅল বোকাইয়া। এছাড়া, দেশটির পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

হাসানঅল বোকাইয়ার জন্ম ১৯৪৬ সালের ১৫ জুলাই। তার বাবা তৃতীয় সুলতান ওমর আলি সইফউদ্দিনও ব্রুনেইয়ের সুলতান হওয়ায় সোনার চামচ মুখে নিয়েই জন্মেছিলেন তিনি। ১০ সন্তানের মধ্যে বোকাইয়াকেই সিংহাসনে বসানোর মতো যোগ্য মনে হয়েছিল তার। তারপর থেকে ৫৪ বছর ধরে রাজত্ব সামলে চলেছেন তিনি।

ব্রুনেইয়ের সুলতান হওয়ার আগে  নিজেদের প্রাসাদেই প্রাথমিক শিক্ষাদীক্ষা নিয়েছিলেন বোকাইয়া। পরে অবশ্য উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ভিক্টোরিয়া ইনস্টিটিউশন যোগ দেন তিনি। পরে বোকাইয়া ইংল্যান্ডের রয়্যাল অ্যাকাডেমি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

পড়াশোনার পাট চুকিয়ে বিয়েও সেরে ফেলেন ব্রুনেইয়ের সুলতান। এখন পর্যন্ত বোকাইয়া ৩ বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ২০১২ সাল পর্যন্ত তিনি পাঁচটি পুত্রসন্তান এবং সাতটি কন্যাসন্তানের বাবা হয়েছেন বলে জানা যায়।

১৯৮৮ সাল পর্যন্ত হাসানঅল বোকাইয়া ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তখন তার সম্পত্তির মূল্য ছিল ১৪ হাজার ৭০০ কোটি রুপি। এখন আর তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি নন। তবে ২ লাখ ২৪ হাজার ৫৩ কোটি রুপির সমমূল্যের সম্পত্তি নিয়ে ১৯৬৭ সালে ব্রুনেইয়ের সুলতানের আসনে বসা হাসানঅল বোকাইয়া এখনও বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকার প্রথমদিকে রয়েছেন।

ব্রুনেইয়ের সুলতানের বিপুল মূল্যের সম্পত্তির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে দেশের তেল এবং প্রাকৃতিক গ্যাস ভান্ডার থেকে প্রাপ্ত মুনাফাও। তেল উৎপাদনের ক্ষেত্রে মালয়েশিয়া, ভিয়েতনাম এবং থাইল্যান্ডের পরেই ব্রুনেইয়ের অবস্থান। অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস রপ্তানির বিপুল অর্থও জমা পড়ছে সুলতানের কোষাগারে।

হটকারস রিপোর্ট ওয়েবসাইটের সূত্রমতে, বোকাইয়ার বিপুল ধনস-সম্পদের মধ্যে রয়েছে ৫০০ কোটি ডলারেরও বেশি মূল্যের প্রায় সাত হাজার গাড়ি। ১১০টি গ্যারেজে রাখা গাড়িগুলোর মধ্যে ৫০০টি রোলস রয়েস এবং ৩০০টি ফেরারি রয়েছে। এছাড়া, একাধিক বিলাসবহুল প্রাইভেট জেটের পাশাপাশি রয়েছে সোনায় মোড়া বোয়িং ৭৪৭-৪০০ বা এয়ারবাস এ৩৪০-২০০ জেটও।

ব্রুনেইয়ের ৯২তম সুলতানের প্রাসাদও দারুণ  জমকালো নয়। ২,৫৫০ কোটি রুপির প্রাসাদের ১৭০০টি ঘর রয়েছে। সেই সঙ্গে রয়েছে পাঁচটি সুইমিং পুল এবং ২৫৭টি বাথরুম। এছাড়া, ২০০টি ঘোড়ার জন্য আছে শীতাতপ নিয়ন্ত্রিত আস্তাবলও।

প্রতি মাসে অন্তত একবার চুল কেটে থাকেন বোকাইয়া। টাইমস পত্রিকার দাবি, এজন্য তার ব্যয় হয় প্রায় ১৭ লাখ টাকা । পাশাপাশি লন্ডন থেকে উড়ে আসেন তার হেয়ারড্রেসার। প্রথম শ্রেণির বিমানভাড়া বাবদ তার জন্য ১২ হাজার ডলারও (প্রায় ৮ লাখ ৯৬ হাজার ২১২ রুপি) খরচা দেন তিনি।

   

About

Popular Links

x