ঈদের মাত্র তিন থেকে চার দিন বাকি। এমন সময়ে দুই দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে একদিন বাড়তি সরকারি ছুটি। এ যেন সোনায় সোহাগা! অনেকেই লম্বা এই ছুটিকে ঈদের শেষ মুহূর্তের প্রস্তুতির কাজে লাগাচ্ছেন। কেউ সেরে নিচ্ছেন বাকি কেনাকাটা, কেউ গুছিয়ে নিচ্ছেন ঘর। তবে যারা আজকের দিনে ঘরের কাজ করছেন, তারা একটু থামতে পারেন। কারণ, আজ যে ঘরের কোনো কাজ না করার দিন!
তবে এই দিবসটি যে আমাদের দেশের প্রেক্ষাপটে পালিত হয় তেমনটা নয়। এটি মূলত মার্কিনিদের একটি দিবস। প্রতিবছরের ৭ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রে “নো হাউস ওয়ার্ক ডে” অর্থাৎ ঘরের কাজ না করার দিন হিসেবে পালিত হয়।
কীভাবে এ দিবস পালন শুরু সে ইতিহাস জানা যায়নি। তবে দিবসটি পালন করা হয় মানুষের স্বস্তির দিন হিসেবে।
আমাদের দেশে ঘরের কাজের জন্য গৃহকর্মী পাওয়া গেলেও উন্নত দেশে তা এতটা সহজলভ্য না। তাই বেশিরভাগ মানুষকেই নিজেদের ঘরের কাজ নিজেরই করতে হয়। ফলে প্রতিদিন অফিস কিংবা ব্যবসার কাজ সেরে আবার গৃহস্থালির কাজ করতে অনেকেই হাঁপিয়ে ওঠেন। সেখান থেকে স্বস্তি পেতেই এমন দিবস পালন করেন মার্কিন নাগরিকরা।
যদিও দিবসটি মার্কিন মুলুকের। তবে, বিশ্বায়নের এই যুগে এমন দিবস আমাদের দেশে পালন করতেও কোনো বাধা নেই। বিশেষ করে যেসব নারীরা তাদের একটা বড় সময় ঘরের কাজের পেছনে ব্যয় করেন, তাদের জন্য এই দিনটি একটু বিশেষভাবে পালন করা যেতেই পারে। আজকের দিনে তা নিজের মা, বোন কিংবা স্ত্রীকে ঘরের কাজ থেকে একটু অবসর দিতেই পারেন। তাদের নিয়ে বাইরে থেকে ঘুরে আসতে পারেন। খেতে পারেন কোনো রেস্টুরেন্টে, দিতে পারেন পছন্দের কোনো উপহার। আপনার একটি দিনের এমন সারপ্রাইজ দূর করে দিতে পারে তার পুরো বছরের ক্লান্তি।
সূত্র: ন্যাশনাল টু’ডে



