শাড়ি পরার ক্ষেত্রে অনেকই কষে পেটিকোটের দড়ি বাঁধেন। এতে কোমর ও পেটে চাপ পড়ে। অনেকের আবার দড়ির বাঁধনের জায়গাটা চুলকায়। দীর্ঘসময় ধরে পেটিকোটের দড়ি বাঁধা থাকার ফলে কারও কারও ওই অংশে কালশিটে পড়ে যায়। দীর্ঘদিন ধরে এমনটা হতে থাকলে ঘা পর্যন্ত হতে পারে। আর বিনা চিকিৎসায় তা থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। সাধারণের মানুষের কাছে এটি “শাড়ি বা ধুতি ক্যান্সার” নামে পরিচিত। তবে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে “স্কোয়ামাস সেল কারসিনোমা” বা সংক্ষেপে “এসসিসি”বলা হয়।
চিকিৎসকেরা বলছেন, বিভিন্ন ধরনের ত্বকের ক্যান্স্যারের মধ্যে এটিও একটি। তবে শুধু পেটিকোট পরলেই যে এমন সমস্যা হবে, তা নয়। ত্বকের যেকোনো রকম অস্বস্তি বা সংক্রমণ থেকে হতে পারে এই ক্যান্সার।
কোমরের ভাঁজে দীর্ঘক্ষণ শক্ত করে পাজামা কিংবা ট্রাউজার্সের দড়ি বা গার্ডার চেপে বসে থাকলেও রক্ত চলাচল ব্যাহত হতে পারে। সেখান থেকে ত্বকে অস্বস্তি শুরু হয়। শক্ত ইলাস্টিক দেওয়া প্যান্ট, অন্তর্বাস, ধুতি, লুঙ্গি— অর্থাৎ বাঁধন দিতে হয় বা ত্বকের উপর চেপে বসে থাকে, এমন যেকোনো পোশাক পরলেই ত্বকে এই ধরনের সমস্যা হতে পারে।
এ বিষয়ে ভারতীয় ক্যান্সার বিশেষজ্ঞ ডা. দীপ্তেন্দ্র সরকার দেশটির আনন্দবাজার পত্রিকাকে বলেন, “আমাদের চামড়ায় যে কোষগুরো রয়েছে তাকে স্কোয়ামাস সেল বলা হয়। সেই কোষগুলোতে মৌলিক কিছু পরিবর্তন ঘটলে কিংবা হঠাৎ করে এরা বংশবিস্তার করতে শুরু করলে ত্বকের ওপর ঘা হতে দেখা যায়।”
স্কোয়ামাস ক্যান্সারের লক্ষণ
- শরীরের কোনো অংশে দীর্ঘক্ষণ রক্ত চলাচল বন্ধ হলে ত্বকের রং পাল্টে যায়। এক্ষেত্রেও তেমনটা হতে হতে পারে। বাঁধন আলগা হওয়ার পর ওই নির্দিষ্ট জায়গা অসম্ভব চুলকাতে পারে।
- দীর্ঘদিন ত্বকের নির্দিষ্ট জায়গায় বাঁধন দিতে দিতে সেই জায়গায় ঘা হয়ে যেতে পারে। অন্তর্বাসের গার্ডার ত্বকের ওপর চেপে বসে থাকলেও একই রকম সমস্যা দেখা দিতে পারে।
- প্রথমে ত্বক লাল হয়ে যাওয়া, ঘা হওয়া, সেখান থেকে সংক্রমণ হলে তা ক্যান্সারে পরিণত হওয়ার ঝুঁকি থাকে। অনেকের ক্ষেত্রে কোমরের আশপাশে টিউমারও হতে পারে।
সুরক্ষায় করণীয়
- পেটিকোটের বাঁধন আলগা রাখতে হবে।
- শরীরের নিম্নাঙ্গের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। দেহের এসব অংশে যাতে ঘাম না জমে, সেদিকে খেয়াল রাখতে হবে।
- প্রয়োজনে পেটিকোটের তলায় শেপঅয়্যার পরতে পারেন। যাতে বাঁধনের দাগ ত্বকের ওপর না পড়ে।
- নিম্নাঙ্গের অন্তর্বাস কেনার সময়ে কোমরের স্ট্র্যাপ দেখে কিনবেন। লক্ষ করবেন, তা যেন খুব সরু না হয়।
- দীর্ঘক্ষণ কষে পেটিকোটের দড়ি বেঁধে রাখার পর বাড়ি ফিরে ওই অংশ ভালো করে পরীক্ষা করতে হবে। ত্বকের রঙে কোনো বদল এলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।



