Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শসার খোসা ফেলে না দিয়ে লাগাতে পারেন যেসব কাজে

ত্বকের যত্ন থেকে বাগানের যত্ন, কিংবা বাহারী পানীয়; অনেক কিছু হতে পারে শসার খোসায়

আপডেট : ১৫ জুন ২০২৪, ০৯:০১ পিএম

শসার পুষ্টিগুণের কথা কমবেশি সবারই জানার কথা। ওজন কমাতে শসার জুড়ি মেলা ভার। আর এই তীব্র গরমে শসার চেয়ে স্বস্তিদায়ক খাবার কমই আছে।

নানাভাবে নানা উপায়ে শসা খাওয়ার অভ্যাস আমাদের। তবে শসা খাওয়ার পর আমরা এর খোসা ফেলে দিই।

তবে শসার মতো এই ফলের খোসাও কিন্তু ভীষণ উপকারী। তাই শসার খোসা ফেলে না দিয়ে যদি অন্য কাজে ব্যবহার করেন, তাতে লাভ আপনারই।

চলুন, জেনে নেওয়া যাক শসার খোসার ব্যবহার সম্পর্কে-

ত্বকের যত্নে

গরমে ব্রণর সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে। বিশেষ করে তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে এই সমস্যা বড় আকার ধারণ করে। ত্বকের ধরন যেমনই হোক, শসার খোসা ব্রণর সঙ্গে লড়তে পারে। শসার খোসায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট, ত্বককে ভেতর থেকে সজীব করে তোলে। ত্বকের আর্দ্রতা বৃদ্ধিতেও শসার খোসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এজন্য প্রথমে শসার খোসা মিক্সিতে ঘুরিয়ে মিহি করে নিয়ে ত্বকে মেখে মিনিট দশেক অপেক্ষা করে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক ঝলমল করে উঠবে।

গার্নিশিং করার জন্য

গরমে বাড়িতে অতিথি এলে বাহারি পানীয় তৈরি করে দিয়ে থাকেন নিশ্চয়ই। সেই পানীয়ে চুমুক দিয়ে স্বস্তি পাচ্ছেন বন্ধুবান্ধবেরা। গরমে ঠান্ডা পানীয় দিয়ে অতিথির মন পাওয়ার পাশাপাশি এমন করে সাজিয়ে পরিবেশন করুন, যাতে সকলের চোখ ধাঁধিয়ে যায়। শসার খোসা কিন্তু পানীয় গার্নিশ করার কাজে ব্যবহার করতে পারেন। দেখতে আকর্ষণীয় লাগবে।

বাগানের যত্নে

শসার খোসায় রয়েছে ভিটামিন, খনিজ উপাদান, যা গাছের গোড়ায় পুষ্টি জোগাতে পারে। গাছ দ্রুত বেড়ে ওঠে। খোসাগুলো একত্রিত করে গাছের গোড়ায় রেখে দিন। ব্যস, তাতেই আপনার কাজ শেষ। শসার খোসা নিজেই পচে গিয়ে উপকারী সারের ভূমিকা পালন করবে।

 

   

About

Popular Links

x