Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইতিহাস গড়ে মিস ইউনিভার্স হলেন ভিক্টোরিয়া

একজন ড্যানিশ নারী হিসেবে তিনিই প্রথম এই বিজয় অর্জন করলেন

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৯:৫২ পিএম

এবার মেক্সিকোতে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের মঞ্চে ইতিহাস গড়লেন ২১ বছর বয়সী ভিক্টোরিয়া কিয়ের থিলভিগ। একজন ড্যানিশ নারী হিসেবে তিনিই প্রথম এই বিজয় অর্জন করেছেন।

শনিবার (১৬ নভেম্বর) রাতে অনুষ্ঠিত এই সৌন্দর্য প্রতিযোগিতায় ১২০ জনের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জয় করেন ডেনমার্কের এই প্রতিযোগী।

মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭২তম আসরের বিজয়ী ভিক্টোরিয়া মুকুটজয়ের মধ্য দিয়ে ইতিহাসেরও অংশ হয়েছেন। এর আগে ডেনমার্ক থেকে কোনো প্রতিযোগী মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট পাননি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন নাইজেরিয়ার চিদিম্মা আদেতশিনা আর দ্বিতীয় রানারআপ মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান। মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সর্বশেষ ধাপে স্থান করে নিয়েছিলেন নাইজেরিয়া, মেক্সিকো, থাইল্যান্ড, ভেনেজুয়েলা ও ডেনমার্কের প্রতিযোগীরা। 

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভিক্টোরিয়ার জয়ে সেলিব্রেশন মুডে রয়েছে ডেনমার্ক। বিজয়ের পর ভিক্টোরিয়ার মাথায় মিস ইউনিভার্সের মুকুটটি পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স ও নিকারাগুয়া সুন্দরী শেনিস।

২১ বছর বয়সী ভিক্টোরিয়া একজন নৃত্যশিল্পী, উদ্যোক্তা ভবিষ্যৎ আইনজীবী। এবারের আসরে বিশ্বের ১২০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন তিনি। বিজয়ের পর অন্য প্রতিযোগীরাও তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন।

প্রতিযোগিতার শুরু থেকে এ পর্যন্ত ফলাফলের ভিত্তিতে গত বৃহস্পতিবার ৩০ প্রতিযোগীর তালিকা প্রকাশ করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। এই ৩০ প্রতিযোগী থেকে সেমিফাইনালিস্ট নির্বাচিত করে তাদের নিয়ে সাঁতারের পোশাকে প্যারেড প্রতিযোগিতা হয়।

এরপর তাদের মধ্য থেকে ১২ জন গাউন প্রতিযোগিতায় অংশ নেন। চূড়ান্ত পাঁচ প্রতিযোগীর প্রশ্নোত্তর পর্বে প্রাধান্য পেয়েছে নেতৃত্বের গুণাবলি ও মনোবলের দৃঢ়তার বিষয়ে।

ভিক্টোরিয়াকে জিজ্ঞাসা করা হয়, “কেউ যদি তাকে মূল্যায়ন না করেন, তাহলে তিনি কীভাবে জীবনযাপন করতেন?” উত্তর ভিক্টোরিয়া বলেন, “আমি প্রতিদিন আমার মতো করে বাঁচি।”

ভিক্টোরিয়া আরও বলেন, “যে যেখান থেকেই আসুন না কেন, লড়াই চালিয়ে যান। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। কারণ, আমি নিজেকে বদলাতে চেয়েছি। আমি ইতিহাস গড়তে চেয়েছি এবং আজ রাতে সেই ইতিহাসই গড়েছি।”

ভিক্টোরিয়া এই বিজয়কে মিস ইউনিভার্স প্রতিযোগিতার জন্য এক যুগান্তকারী মুহূর্ত, যা বৈচিত্র্য, ক্ষমতায়ন ও আধুনিকতার প্রতীক হয়ে উঠেছে বলে মনে করেন।

মিস ইউনিভার্সের ৭২ বছরের ইতিহাসে এবারই প্রথম ২৮ বছরের বেশি বয়সী নারীর অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে গর্ভবতী নারী, মা ও বিবাহিত নারীদের অংশগ্রহণেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ৪০ বছর বয়সী মাল্টার প্রতিযোগী বিয়েট্রিস এনজয়া চূড়ান্ত পর্বে পৌঁছে এ প্রতিযোগিতার নতুন রেকর্ড গড়েছেন।

 

   

About

Popular Links

x