Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেড় লাখ টাকায় স্বর্ণের চা খেলে রূপার কাপটি পাবেন একদম ফ্রি!

‘গোল্ড কাড়াক’ নামের এই বিশেষ চা নিয়ে চলছে নানা আলোচনা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ পিএম

বলা চলে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পানীয় “চা”। বাজারে বিভিন্ন ধরনের চা মেলে। সে সবের দামও বিভিন্ন রকমের। ৮, ১০, ১৫, ২০, ৩০, ৫০ টাকা প্রতি কাপ! কোথাও কোথাও হয়ত ৩০০-৫০০ টাকা পর্যন্ত ওঠে চায়ের দাম। কিন্তু তাই বলে লাখ টাকা চায়ের দাম হয়ত কম মানুষই শুনেছেন। দাম শুনে চোখ কপালে ওঠার মতো অবস্থা হলেও, এমন এক ধরনের চা সম্প্রতি বাজারে এসেছে। যেটির এক কাপ খেতে আপনাকে গুণতে হবে দেড় লাখ টাকা। তবে এই চা খেতে আপনাকে যেতে হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

দুবাইয়ের ডিআইএফসি-এর অ্যামিরেটস ফিন্যান্সিয়াল টাওয়ারে বোহো ক্যাফেতে মিলবে সাড়া জাগানো এই স্বর্ণের চা। ভারতীয় বংশোদ্ভূত সুচেতা শার্মা সম্প্রতি দুবাইয়ে তার বিলাসবহুল বোহো ক্যাফেতে বিক্রি শুরু করেছেন “গোল্ড কাড়াক” নামের এই বিশেষ চা। বিশুদ্ধ রূপার কাপ ও পেয়ালাতে এই চা পরিবেশন করা হয়। এই চায়ের ওপর ২৪ ক্যারেট স্বর্ণের একটি তবক বা ফয়েল থাকে। আর এই স্বর্ণে চায়ের প্রতি কাপের দাম ভারতীয় মুদ্রায় এক লাখ দশ হাজার রুপি, বাংলাদেশি টাকায় যা দেড় লাখের বেশি। গ্রাহক চাইলে একইভাবে কফিও খেতে পারেন। তবে দাম পড়বে প্রায় একই।

এখানে চা পরিবেশন করার পর রুপার বাসনটি সঙ্গে নিয়ে যেতে পারেন ক্রেতা। দুবাইয়ের ওই ক্যাফে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই জানিয়েছে সে কথা।

স্বর্ণের চা পরিবেশনের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তারা লিখেছে, ‘‘বিশ্বের সবচেয়ে দামি কড়ক চায়ের অভিজ্ঞতা নিন। যা খাঁটি রুপার পাত্রে ২৪ ক্যারেট স্বর্ণে সাজিয়ে পরিবেশন করা হয়। যার প্রতি চুমুকের সঙ্গী হয় স্বর্ণের গুঁড়ো ছড়ানো ক্রোয়াসো। আর রুপার বাসনগুলোও আপনারই জন্য।’’

গত মাসে ক্যাফেটি যাত্রা শুরু করে। এরপর থেকেই অন্তর্জালে আসতে থাকে তাদের ব্যতিক্রমী মেন্যু ও পরিবেশনা নিয়ে আলোচনা। স্বর্ণের গুঁড়া ছড়ানো ক্রোয়াসো আর স্বর্ণের তবকসহ চা বিশেষভাবে মনোযোগ কাড়ে সবার।

এমন ব্যয়বহুল চা তৈরির কারণ হিসেবে ক্যাফেটির মালিক সুচেতা শর্মা বলেন, “আমরা অসাধারণ ও সাড়া জাগানো কিছু তৈরি করতে চেয়েছি, যা আমাদের প্রচার ও প্রসার ঘটাবে, এই ক্যাফের সুনাম আরো বড় জনগোষ্ঠীর কাছে নিয়ে যাবে।”

তবে এখানে আগত অতিথিরা বিলাসবহুল খাবার যেমন উপভোগ করতে পারেন, তেমনি চাইলে সাশ্রয়ী ভারতীয় স্ট্রিট ফুড মেন্যুরও স্বাদও নিতে পারেন।

   

About

Popular Links

x