ভারতীয়দের খাদ্য তালিকায় প্রথম পছন্দ বিরিয়ানি। এমন তথ্য আবারও উঠে এলো ভারতের ফুড ডেলিভারি প্রতিষ্ঠান সুইগির বার্ষিক রিপোর্টে। প্রতিষ্ঠানটির হাউ ইন্ডিয়া সুইগি ২০২৪ এর রিপোর্ট থেকে জানা গেছে, এ বছর পুরো ভারত জুড়ে ৮ কোটি ৩০ লাখ প্লেট বিরিয়ানি অর্ডার করা হয়েছে।
জানা গেছে, প্রতি মিনিটে বিরিয়ানি অর্ডারের সংখ্যাটা হলো ১৫৮ প্লেট। অর্থাৎ, প্রতি সেকেন্ডে ২.৫ প্লেট বিরিয়ানি অর্ডার করেছেন ভারতীয়রা। সুইগির ইনকগনিটো মোড থেকে জানা যায়, ভারতীয়দের সবচেয়ে জনপ্রিয় ডিশ হলো চিকেন বিরিয়ানি। সবচেয়ে বেশি অর্ডার করা হয়েছে এই খাবার।
বিরিয়ানির পরই রয়েছে দোসা। পুরো বছর জুড়ে সুইগির মাধ্যমে ভারতীয়রা দোসা অর্ডার করেছেন ২ কোটি ৩ লাখ। রিপোর্ট বলছে, ব্রেকফাস্ট ও স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য দোসা অর্ডার করেছেন ভারতীয়রা। দক্ষিণ ভারতেই সবচেয়ে বেশি দোসা ও ইডলি অর্ডার করা হয়েছে। ৮৫ লাখ দোসা ও ৭৮ লাখ ইডলি। বেঙ্গালুরু শহরে সুইগি মশলা দোসা ডেলিভারি করেছে ২৫ লাখ।
তবে, দিল্লি, চণ্ডীগড় ও কলকাতার মানুষ তাদের স্থানীয় খাবারেই খুশি। এই সব শহরে কচুরি, ছোলা-বাটুরে, আলু পরোটাই স্ন্যাক্স হিসেবে সবচেয়ে বেশি অর্ডার হয়েছে। স্ন্যাক্সে রয়েছে চিকেন রোলও। রিপোর্ট বলছে, ভারতীয়রা পুরো বছর জুড়ে ২৪ লাখ ৮ হাজার চিকেন রোল অর্ডার করেছেন।
স্ন্যাক্সের পাশাপাশি বাদ নেই ডেজার্টও। প্রতি ১০ মিনিটে রসমালাই ও আতার আইসক্রিম অর্ডার করা হয়েছে। প্রতি তিন মিনিটে ডেলিভারি দেওয়া হয়েছে এই দুই ডেজার্ট।
হাউ ইন্ডিয়া সুইগি ২০২৪ রিপোর্ট বলছে, বেঙ্গালুরুর একজন সুইগি ব্যবহারকারী পুরো বছরে শুধু পাস্তা অর্ডার করেছেন ৪৯ হাজার টাকার। অন্যদিকে, দিল্লির এক বাসিন্দা হাউস পার্টির জন্য একদিনে অর্ডার করেছিলেন ২৫০টি অনিয়ন পিৎজা।
সুইগির রিপোর্ট এটাও জানিয়েছেন, ভারতীয়রা ডিনারেই সবচেয়ে বেশি পছন্দ করে বাইরের খাবার খেতে। পুরো বছর ধরে ভারতীয়রা ডিনারের জন্য ২ কোটি ১৫ লাখ বার খাবার অর্ডার করেছে। লাঞ্চে এর থেকে ২৯% কম। রাত ২টার পর মিডনাইট স্ন্যাক্স হিসেবে ১৮ লাখ ৪০ হাজার চিকেন বার্গার অর্ডার করা হয়েছে। সুইগি থেকে ডাইনিং ইনও বুক করেছেন ভারতীয়রা। এ সংখ্যা ২ কোটি ২০ লাখ।



