Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজশাহীতে এনসিপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি ‘প্রস্তুত হ রাজাকার’

জাতীয় নাগরিক পার্টির নেতার অভিযোগ, রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করে

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৮:৩২ পিএম

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বাড়ির সামনে কাফনের কাপড় ও একটি চিরকুট ফেলে গেছে দুর্বৃত্তরা এমন অভিযোগ পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল, “প্রস্তুত হ রাজাকার। বাপ-মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”

হুমকি পাওয়া ওই নেতার নাম খালিদ হাসান মিলু। তিনি এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক। তার বাড়ি মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে।

তার অভিযোগ, শনিবার (৯ আগস্ট) দিবাগত রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। পরে বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট রেখে চলে যায়।

খালিদ হাসান মিলু জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি বাড়িতে ফেরেন। কিছুক্ষণ পর জানালার পাশ থেকে অপরিচিত একজনের কণ্ঠে শোনা যায়, “বাইরে বের হয়ে দেখ।” বারান্দায় গিয়ে তিনি দেখেন, টিনের সঙ্গে থাকা কাঠের আড়ায় আগুন জ্বলছে এবং চারপাশে পেট্রলের গন্ধ।

তিনি বলেন, “আমি বাইরে না গিয়ে প্রথমে প্রতিবেশীদের ডাকি। ধুরইল বাজারের নৈশপ্রহরীও আসেন। পরে বাইরে এসে একটি পলিথিন দেখতে পাই। পুলিশ আসার পর সেটি খোলা হয়, ভেতরে কাফনের কাপড় ও চিরকুট পাওয়া যায়। বৃষ্টির কারণে বাড়ির চারপাশ ভেজা থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। যে অংশে আগুন লেগেছিল, তা আমরা নিভিয়ে ফেলতে পেরেছি। হুমকি পেয়ে আমি উদ্বিগ্ন ও আতঙ্কিত। চিরকুটে ‘জয় বাংলা’ লেখা থাকায় কারা এর সঙ্গে জড়িত, তা অনুমান করা কঠিন নয়।”

এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখ ও লজ্জাজনক। আওয়ামী সন্ত্রাসীরা এখনও আমাদের এভাবে হুমকি দিচ্ছে, যা প্রশাসনের ব্যর্থতার প্রমাণ। প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ নিত, সন্ত্রাসীরা এমন সাহস দেখাতে পারত না। আমরা এ ব্যাপারে জিডি করব।”

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “রাত পৌনে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্তাধীন।”

   

About

Popular Links

x