Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চরমোনাইর পীর: সংস্কার শেষে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে

তিনি বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সব দলের প্রতিনিধিত্ব থাকবে’

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১০:২২ পিএম

প্রয়োজনীয় সংস্কার শেষে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাইর পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে মাগুরা শহরের নোমানী ময়দানে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মাগুরা জেলা শাখা আয়োজিত সমাবেশে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, “গত স্বৈরাচার সরকারের আমলে হাজারো মানুষ গুম, খুনের শিকার হয়েছেন। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। ওই সরকারের যারা এসব অপরাধে যুক্ত ছিলেন, তাদের বিচার দৃশ্যমান করতে হবে।”

তিনি বলেন, “পাশাপাশি মৌলিক সংস্কার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার, প্রশাসনে সংস্কার, নির্বাচন কমিশনে সংস্কার এবং যেখানে প্রয়োজন, সেখানে প্রয়োজনীয় সংস্কার শেষে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে।”

চরমোনাইর পীর বলেন, “বর্তমানে প্রচলিত পদ্ধতিতে দেশের ৩০ থেকে ৪০% ভোট নিয়েই সরকার গঠন করা যায়। সেখানে ৬০ থেকে ৭০% মানুষের মতামত উপেক্ষিত থাকে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সব দলের প্রতিনিধিত্ব থাকবে। কেউ স্বৈরাচার, ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলার আমির মোস্তফা কামালের সভাপতিত্বে গণসমাবেশে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, বৈষম্যবিরোধী আন্দোলনের বিলুপ্ত কমিটির নেতাদের মঞ্চে দেখা যায়।

ইসলামী আন্দোলনের আমির জানান, আসন্ন নির্বাচনে ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনার জন্য তারা চেষ্টা করছেন।

সমাবেশ শেষে মাগুরা-১ আসনে নাজিরুল ইসলাম ও মাগুরা-২ আসনে মোস্তফা কামালকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষণা করেন আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সমাবেশ শেষে সন্ধ্যায় মাহফিলের আয়োজন করা হয়।

   

About

Popular Links

x