ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারি, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারি না, বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় রংপুর টাউন হলে মহানগর ইসলামী আন্দোলন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি জামায়াত জোট থেকে বের হয়ে আসার কারণও জানান।
মুফতি ফয়জুল করীম বলেন, “আমরা নির্বাচনের আগে কোরআনের পক্ষে একটি ভোটের বাক্স করেছিলাম। স্টিয়ারিংয়ে ছিলেন পীর সাহেব চরমোনাই। আমাদের কাফেলা চলছিল সাহসের সঙ্গে। আশা ছিল দেশে ইসলামি হুকুমাত প্রতিষ্ঠা হবে। হঠাৎ করে দেখি স্টিয়ারিংয়ে চরমোনাই পীর সাহেব নেই। আমরা দেখি কাফেলা মদিনা থেকে যুক্তরাষ্ট্রের দিকে চলে যাচ্ছে। সেজন্য আমরা জোট ত্যাগ করেছিলাম। আমরা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারি, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারি না।”
এ সময় তিনি ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সংগঠনকে শক্তিশালী করতে দাওয়াতি কার্যক্রম বৃদ্ধির আহ্বান জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে তিনি বলেন, “উনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) নিজেই স্বীকার করেছেন আমরা এখন পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ করতে পারি নাই। আমি বলছি বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না। একমাত্র ইসলামি শাসন কায়েম করা ছাড়া বন্ধ করা সম্ভব হবে না। এটি হলেই মানুষের অধিকার বাস্তবায়ন হবে। ১০ বছরের মধ্যে সমস্ত গরিব মানুষ দরিদ্রসীমার ওপরে চলে যাবে। নারীদের ইজ্জত রক্ষা হবে, তারা সমঅধিকার নয়, ন্যায্য অধিকার পাবে।”
ওই সম্মেলনে ইসলামী আন্দোলন রংপুর মহানগরের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার।



