বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। তিনি বলেছেন, “একটি কথা না বললেই নয়। বেগম খালেদা জিয়া নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য। কারণ, আজকে গ্রামবাংলার মা-বোনদের পরিবর্তন ও সাংস্কৃতিক যে পরিবর্তন হয়েছে, এর একমাত্র কারণ খালেদা জিয়া।”
রবিবার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষাক্ষেত্রে খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বরকতউল্লা বুলু বলেন, “তিনি (খালেদা জিয়া) ১৯৯১ সালে ক্ষমতায় এসে ক্লাস এইট থেকে ইন্টারমিডিয়েট (এইচএসসি) পর্যন্ত মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করেছেন। উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। বিনা খরচে বই দেওয়ার ব্যবস্থা করেছিলেন।”
বিএনপির এই নেতা বলেন, “আমি তখন একজন তরুণ এমপি। এলাকায় গেলেই মানুষ ধরে, ‘ভাই মেয়েদের সব ব্যবস্থা আপনারা করে দিয়েছেন, ছেলেদের কী হবে? মেয়েরা ম্যাট্রিক পাস করবে, ইন্টার পাস করবে; কিন্তু ছেলেরা তো সেভেন-এইট পর্যন্ত পড়তে পারবে না’। তখন আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ম্যাডামকে বললাম, ‘এই যে মানুষ প্রশ্নটা করে সমাজের ভারসাম্য নষ্ট হচ্ছে’। তখন তিনি শান্তভাবে বললেন, ‘আজকে যেসব মেয়ে লেখাপড়া করছে তারাই একদিন মা হবে। যে পরিবারে মা শিক্ষিত সেই পরিবারের কোনো মানুষ অশিক্ষিত হবে না। পাঁচ বছর পরে বাংলাদেশের সকল মানুষ এর রেজাল্টটি পাবে’। অতএব এই যে একটি দূরদর্শী চিন্তা, আজকে বাংলাদেশের সমস্ত সমাজ পরিবর্তন হয়েছে, মেয়েরা চাকরি করছে, ব্যবসা-বাণিজ্য করছে, এর কারণটি হচ্ছে বেগম খালেদা জিয়া।”
সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের (সুমন)। প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।



