রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে, যেটি আগে ঘটবে-তত দিন এ নিয়োগ কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারিত হবে।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের আগে রাশেদ খাঁন গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেন এবং ঝিনাইদহের একটি আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে পরাজিত হন।
এদিকে, রাশেদ খাঁন নিজেই সোমবার (২০ জুলাই) ফেসবুকে এক পোস্টে বিজ্ঞপ্তিটি শেয়ার করেন। তিনি লিখেন, “আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।”
তিনি আরও লিখেছেন, “অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। আমি যাতে আস্থা ও বিশ্বাসের সহিত আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, এ জন্য সবার দোয়া ও ভালোবাসা চাই। নতুন জীবনের এই পথচলায় সবার সহযোগিতা প্রত্যাশা করছি।”



