Saturday, August 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

যেকারণে আবারও অব্যাহতি পেল সালাউদ্দিন তানভীর

একই সঙ্গে তার কাছে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৪:২২ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে দল। একই সঙ্গে তার কাছে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে।

শুক্রবার রাতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন মন্তব্য করার অভিযোগে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, কেন তাঁর বিরুদ্ধে গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও আত্মপক্ষ সমর্থন কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে হবে।

এর আগে শুক্রবার ফেসবুকে এক পোস্টে হবিগঞ্জসহ সিলেট বিভাগের তিন জেলায় এনসিপির পদযাত্রায় হামলা ও বাধার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন সালাউদ্দিন তানভীর। পরে সমালোচনার মুখে তিনি পোস্টটি মুছে ফেললেও এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এটি এনসিপি থেকে তার দ্বিতীয় দফার সাময়িক অব্যাহতি। এর আগে ২০২৫ সালের এপ্রিলে জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাজে কমিশন বাণিজ্যের অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২০২৬ সালের ১৬ এপ্রিল তাকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়।

সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত প্রকাশের পর সালাউদ্দিন তানভীর নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

   

About

Popular Links

x