বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির শীর্ষ পাঁচ নেতা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এই সাক্ষাতের পর থেকেই ছাত্রদলের বর্তমান ‘রাকিব-নাছির’ কমিটির বিদায় এবং নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। দলীয় সূত্রের দাবি, আজ শুক্রবার (১৪ আগস্ট) যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে। তবে বিএনপির পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতের বৈঠকের পর থেকেই নতুন কমিটি গঠন নিয়ে দফায় দফায় আলোচনা চলছে। নতুন নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে চলছে জোর যাচাই-বাছাই ও বিশ্লেষণ। সবকিছু চূড়ান্ত হলেই ঘোষণা করা হতে পারে নতুন কমিটি।
সূত্রের দাবি, সিনিয়র কমিটি হলে সভাপতি পদে আলোচনায় রয়েছেন আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ও আমানুল্লাহ আমান। আর জুনিয়র কমিটি হলে শক্ত অবস্থানে আছেন আমানুল্লাহ আমান ও নাহিদুজ্জামান শিপন।
সম্ভাব্য নেতৃত্বের তালিকায় আরও আলোচনায় আছেন ইজ্জাজুল কবির রুয়েল, ডা. তৌহিদুর রহমান আউয়াল, খোরশেদ আলম সোহেল, মমিনুল ইসলাম জিসান, কাজী জিয়াউদ্দিন বাসেত, গণেশ চন্দ্র রায় সাহস ও আবিদুল ইসলাম খান। এ ছাড়া উত্তরাঞ্চল থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনোয়ার পারভেজ।
তবে নতুন কমিটি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, তার কাছে এখনো এমন কোনো নির্দেশনা আসেনি, তবে সিদ্ধান্ত হলে তা জানানো হবে।
বিদায়ী সাক্ষাৎ প্রসঙ্গে রিজভী বলেন, “দলের হাইকমান্ড তাদের সঙ্গে আলোচনা করেছেন, তবে সেই আলোচনার বিস্তারিত এখনই বলা সম্ভব নয়। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হলে তা প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে।”
এদিকে তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তাদের পোস্টে ছাত্ররাজনীতির অধ্যায় থেকে বিদায়ের ইঙ্গিত মিলেছে।
রাকিবুল ইসলাম রাকিব তার পোস্টে লেখেন, সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে। দায়িত্ব পালনকালে বিএনপির শীর্ষ নেতৃত্বের দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য ক্ষমাও চান তিনি।
রাকিব-নাছির কমিটির মেয়াদে জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপথের ভূমিকা, পরবর্তী সময়ে ক্যাম্পাসে “মব” মোকাবিলা এবং বিতর্ক এড়িয়ে সংগঠন পরিচালনার বিষয়গুলোও তুলে ধরেন রাকিব। নতুন নেতৃত্ব যার হাতেই আসুক, তা সাদরে গ্রহণ করা হবে বলে প্রত্যাশা জানান তিনি।
এখন মূল অপেক্ষা বিদায়ী সাক্ষাতের পর কতটা দ্রুত সিদ্ধান্ত আসে এবং শেষ পর্যন্ত কার হাতে তুলে দেওয়া হয় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব।



