Saturday, September 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

এসব সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে কি না, প্রশ্ন রিজভীর

নানা ধরনের চক্রান্ত করা হচ্ছে কি না, সেই প্রশ্নও তোলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পিএম

মহেশখালীর এফএসআরইউতে কারিগরি ত্রুটির পর আদানি পাওয়ার প্ল্যান্টের একটি ইউনিট নষ্ট হয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘‘এসব ঘটনায় সব মানুষের মনে এই প্রশ্নটি দেখা দিয়েছে যে, এর পেছনে কোনো রহস্য আছে কি না? কোথাও কোনো স্যাবোটাজ হচ্ছে কি না? কেন এখন একটার পর একটা কারিগরি ত্রুটি হচ্ছে?’’ 

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

রিজভী বলেন, ‘‘সরকার তো চেষ্টা করেছে, যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সরকারের কাছ থেকে টাকা পায়, কিস্তি অনুযায়ী সেই টাকা শোধ করে যাচ্ছে এবং আন্তর্জাতিকভাবেও যে চুক্তিটি আছে, ধরুন, ভারতের সঙ্গে যে চুক্তি আছে, তাদের যে পাওনা সেটাও সরকার দিচ্ছে। তাহলে এটা হচ্ছে কেন?’’ 

তিনি আরও বলেন, ‘‘আমি বলব যে সংকট, সে সংকটটি কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে এবং কোথাও কোনো ষড়যন্ত্র হচ্ছে বলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে। অনেকে হয়তো প্রশ্ন তুলতে পারেন, আপনি কীভাবে বলছেন? কিন্তু বাস্তবতা ও বিরাজমান ঘটনাগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে যে, কোথাও কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না? কোথাও কোনো চক্রান্ত হচ্ছে কি না?’’ 

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘এই রকম যে বিষয়গুলো, আমরা এর আগেও দেখেছি ২০০১ থেকে ২০০৬ সালে, হঠাৎ করে কিছু কিছু ঘটনা ঘটতো।’’ 

সরকারের জনকল্যাণমুখী কর্মসূচিগুলোকে বাধা দেওয়ার জন্যই নানা ধরনের চক্রান্ত করা হচ্ছে কি না, সেই প্রশ্নও তোলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। 

জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, ‘‘বিরোধীদল কথা বলবে পার্লামেন্টে, কথা বলবে বাইরেও। কথা বলবে, কর্মসূচিও নিতে পারবে, কিন্তু অলীক কোনো বিষয়, অহেতুক কোনো বিষয়, যেটার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। সেটা নিয়ে অতিরিক্ত হইচই করা সাধারণ মানুষ ভালোভাবে নেয় না।’’ 

   

About

Popular Links

x