Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুটি লড়াই সব সময় চালিয়ে যেতে বললেন ইনু

বাজারদরের সঙ্গে মিলিয়ে শ্রমিকদের ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান জাসদ সভাপতি হাসানুল হক ইনু

আপডেট : ০১ মে ২০২৩, ০৩:৩৩ পিএম

যেকোনো পরিস্থিতিতে দুটি লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তার মতে, এ দুটি লড়াই হলো- শ্রমিকদের নিজস্ব দাবি আদায় এবং ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতার বাইরে রাখার লড়াই। 

সোমবার (১ মে)  মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্বরে জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, “যেকোনো পরিস্থিতিতে শ্রমিকদের নিজস্ব দাবি আদায় এবং ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতার বাইরে রাখার লড়াই জারি রাখতে হবে। ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি শ্রমিক ঐক্যের শত্রু, নারী শ্রমিকের শত্রু, দেশের শত্রু।”

এ সময় বাজারদরের সঙ্গে মিলিয়ে শ্রমিকদের ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

জাসদ সভাপতি বলেন, “ট্রেড ইউনিয়ন অধিকার শ্রমিকের অলঙ্ঘনীয় মানবাধিকার। কোনো অজুহাতেই ট্রেড ইউনিয়ন অধিকার খর্ব করা যাবে না। শ্রমিক-কর্মচারীদের জন্য কলকারখানা ও শিল্পাঞ্চলে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।”

সমাবেশে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, “শ্রমিক ঐক্য এবং ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনই শ্রমিক অধিকার প্রতিষ্ঠা ও রক্ষার একমাত্র পথ। রাজনৈতিক ডামাডোলে শ্রমিকের দাবি যেন হারিয়ে না যায় সে জন্য সজাগ থাকতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা। এতে আরও বক্তব্য রাখেন– জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রীনা, জাসদের সহ-সভাপতি মীর হোসাইন আখতার, নুরুল আখতার, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।

   

About

Popular Links

x