Friday, July 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে সমাবেশের অনুমতি পেয়েছে জামায়াত

২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিলে পুলিশের অনুমতি নিয়ে সর্বশেষ বিক্ষোভ মিছিল করেছিল জামায়াতে ইসলামী

আপডেট : ১০ জুন ২০২৩, ০১:১২ পিএম

অবশেষে ঢাকায় সমাবেশ করার অনুমতি পেয়েছে জামায়াতে ইসলামী। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দিয়েছে।

শনিবার (১০ জুন) দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সমাবেশ হবে। তবে ঘরোয়া এই কর্মসূচির জন্য দলটিকে মিলনায়তনের বাইরে জড়ো না হওয়াসহ বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দলের আমির শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতা ও আলেমদের মুক্তি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ সমাবেশ করছে।

জানা গেছে,  ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিলে পুলিশের অনুমতি নিয়ে সর্বশেষ বিক্ষোভ মিছিল করেছিল জামায়াতে ইসলামী। সেই হিসেবে ১০ বছরের বেশি সময় পর ঢাকায় কর্মসূচি পালনের অনুমতি পেল জামায়াত।

এর আগে ৫ জুন ঢাকার বায়তুল মোকাররম এলাকায় সমাবেশের অনুমতি চাইলেও ডিএমপি থেকে অনুমতি পায়নি জামায়াত।

শুক্রবার রাতে ঢাকায় এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, “জামায়াত সমাবেশের অনুমতি পাবে কি-না, রাতে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তারা অতীতে পুলিশের উপর হামলা করেছে, বিভিন্ন বোমা হামলার ঘটনায় তাদের নাম এসেছে। দীর্ঘদিন ধরে তারা জনসাধারণের চোখে পড়েনি। এখন তারা সমাবেশ করতে চাচ্ছে।”

   

About

Popular Links

x