Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফখরুল: আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না

নির্বাচনে ভোট গ্রহণে ইভিএম পদ্ধতিও গ্রহণযোগ্য হবে না বলে মনে করে বিএনপি

আপডেট : ১০ মে ২০২২, ০৩:১০ পিএম

আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়াও গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১০ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানিয়ে মির্জা ফখরুল বলেন, “বিএনপি মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সব রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি, সব মামলা প্রত্যাহার, অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এবং সব দলের অংশগ্রহণ ছাড়া বর্তমানে সরকারের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে না। এছাড়া নির্বাচনে ভোট গ্রহণে ইভিএম পদ্ধতিও গ্রহণযোগ্য হবে না।”

ভোজ্যতেলের দাম বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, “বাজারে ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য সরকার দায়ী। সরকারের প্রত্যক্ষ মদদপুষ্ট অসাধু ব্যবসায়ীদের লাভবান করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজারে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারে দুর্নীতি, ভ্রান্তনীতি সংকটকে আরও তীব্র করে তুলেছে। জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারার দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করছি।”

বিএনপি মহাসচিব বলেন, “গত কয়েকদিন ধরে সারা দেশে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির সিনিয়র নেতা থেকে শুরু করে অন্যান্য শরিক দলগুলো যারা বিরোধী দলে আছে তাদের ওপর আক্রমণ চালিয়ে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চায়। এর প্রতিবাদে আগামী ১২ মে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে। সেই সঙ্গে ১৪ মে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।”

   

About

Popular Links

x