Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রওশনের কাণ্ডে জাতীয় পার্টির দুর্গে ক্ষোভ

এরশাদ জীবিত থাকা অবস্থাতেই রওশন তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৯:৩৫ পিএম

জি এম কাদেরকে সরিয়ে রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণার ঘটনায় দলের দুর্গখ্যাত রংপুরে নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এমনকি দুপুরের দিকে এ খবর পাওয়ার পরপরই নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

মঙ্গলবার (২২ আগস্ট) জাতীয় পার্টির রংপুরের নেতাকর্মীদের সঙ্গে কথা হয় ঢাকা ট্রিবিউনের।

এ সময় রংপুর বিভাগ ও জেলার কোনো নেতাকর্মী রওশনের পক্ষে নেই বলেও দাবি করেন তারা।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “রওশন দলের প্রধান পৃষ্ঠপোষক। তার চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই। দলের গঠনতন্ত্র অনুযায়ী নিজের নিজেকে চেয়ারম্যান ঘোষণারও আইনগত ভিত্তি নেই। কাউন্সিলের মধ্যে দিয়ে গঠিত কমিটি বাতিল করার এখতিয়ার কেউই রাখে না। এটি তামাশা।”

তিনি বলেন, “জাতীয় পার্টির বৈধ চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব চুন্নু। তারা দলের নেতাকর্মীদের মাধ্যমে নির্বাচিত। রওশন অসুস্থ, চলাফেরা করেন হুইল চেয়ারে। তার পাশে কিছু অসৎ ব্যক্তি তাকে ব্যবহার করে দলের ক্ষতি করতে চায়। যিনি চলাফেরাই করতে পারেন না। তাকে দলের চেয়ারম্যান ঘোষণা করে লাভ নেই। তার পাশে কেউ নেই। তাকে যারা ব্যবহার করছেন, তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই।”

দলের অন্যতম প্রভাবশালী এই নেতা বলেন, “রংপুর জেলাসহ পুরো বিভাগের নেতাকর্মীরা দলের নির্বাচিত নেতাদের প্রতি আস্থাশীল। কোনো ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে।”

এরশাদ জীবিত থাকা অবস্থায় রওশন জাতীয় পার্টি ধ্বংসের চেষ্টা করেছেন উল্লেখ করে জাতীয় পার্টির রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম ইয়াসির বলেন, “রওশন দল ধ্বংসের চেষ্টা করছেন। আগেও তিনি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে এরশাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।”

তিনি বলেন, “জাতীয় নির্বাচন এলেই তিনি নতুন খেলা শুরু করেন। ষড়যন্ত্র করেন। এবারে ষড়যন্ত্র করে লাভ হবে না। দলের কোনো নেতাকর্মী তার সঙ্গে নেই। সবাই জিএম কাদেরের পক্ষে ঐক্যবদ্ধ। রংপুর জাতীয় পার্টির দুর্গ আছে এবং আগামী নির্বাচনেও থাকবে।”

জাতীয় পার্টির রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, “রংপুরের মানুষ রওশনের নাটক দেখতে চায় না। এরশাদ মৃত্যুর আগেই জিএম কাদেরকে দলের উত্তরসূরি হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে গেছেন। সম্মেলন ও কাউন্সিল থেকেই তাকেই চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। দেশের সংকটে কাদের দলকে শক্তিশালী করছেন। তার নেতৃত্বেই দল পরিচালনা করা হবে।”

   

About

Popular Links

x