জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদকে “বহিরাগত” (ভারত থেকে আসা) বলে আখ্যায়িত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রংপুর-৪ আসন থেকে আওয়ামী লীগের হয়ে ভোটের লড়াইয়ে মাঠে নেমেছেন টিপু মুনশি। এই আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মোস্তফা সেলিম বেঙ্গল। বেঙ্গল প্রশ্ন তুলেছেন, টিপু মুনশি এই সংসদীয় আসনের বাসিন্দা নন; তিনি বহিরাগত।
এ মন্তব্যের জবাবে বুধবার (৬ ডিসেম্বর) প্রসঙ্গক্রমে এরশাদকে নিয়ে এই মন্তব্য করেন তিনি। বুধবার সন্ধ্যায় রংপুরের সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন টিপু মুনশি। সেখানেই তার কাছে জাপা প্রার্থীর মন্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হয়।
জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, “আমরা ৭০ বছর ধরে এখানে (রংপুর) আছি; উনি (মোস্তফা সেলিম) যে দল করেন তার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদ তো এই দেশেরই মানুষ নন; তিনি এসেছিলেন ভারত থেকে। ১৯৪৭ সালের পর কুচবিহার থেকে এখানে এসেছিলেন এরশাদ।”
“আর যিনি অভিযোগ করেছেন, তিনি তো নিজেই স্থির নন। সকাল-বিকেল দল বদল করেন। তিনি এক সময় আমাদের দলে (আওয়ামী লীগ) ছিলেন; তার বাবাও এক সময় আওয়ামী লীগের প্রার্থী ছিলেন।”
বিএনপি বর্জন করা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, “বিএনপি ভোটে না এলেও জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। আশা করছি ৭ জানুয়ারি প্রতিযোগিতামূলক নির্বাচন হবে।”
টিপু মুনশি বলেন, “প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) বলেছেন- নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। যদিও প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ভোটে না আসার কারণে ভোটার উপস্থিতি নিয়ে আশঙ্কা রয়েছে। তারপরও মানুষের মধ্যে ভোটের আমেজ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি দলগতভাবে নির্বাচনে না এলেও তাদের দলের অনেকেই অন্য দলে যোগ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।”
জাতীয় পার্টির প্রার্থী আরও একটি অভিযোগের তীর ছুঁড়েছেন টিপু মুনশির দিকে। এলাকার উন্নয়নে টিপু মুনশি কোনো কিছু করেননি বলে অভিযোগ জাপা প্রার্থীর। এর উত্তরে ব্যবসায়ী ও রাজনীতিক টিপু মুনশি বলেন, “এলাকার কি কি উন্নয়ন হয়েছে সেটা এলাকার মানুষ ভালো করেই জানেন।”



