Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত

সংগঠনটির সাধারণ সম্পাদক জানান, আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় নূর আহত হন

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১০:৪০ পিএম

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর মারধরে আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে গণ অধিকার পরিষদের সংবাদ সম্মেলনের সময় এ ঘটনা ঘটে।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের অফিসে সামনে সংবাদ সম্মেলন করার সময় আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর হামলা করে। হামলায় নুরুল হক নুর মারাত্মক আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।”

এর আগে, সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণ অধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে।

অপরদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী দাবি করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। শুনতে পাচ্ছি ফের জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালানো হতে পারে।

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, “গণ অধিকার পরিষদের হামলায় আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। এখন অনেকে হাসপাতালে আছেন।”

   

About

Popular Links

x