Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পররাষ্ট্রমন্ত্রী: বাংলাদেশ আফগানিস্তান নয়, হুমকিতে লাভ হবে না

তিনি আরও বলেন, ‘বিএনপি ভুল পথে চলছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক’

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:৪৬ পিএম

বাংলাদেশ আফগানিস্তান নয়, কাজেই দু-একটি দেশের হুমকি ধমকিতে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, “বাংলাদেশ ১৭০ মিলিয়ন মানুষের দেশ; বিশ্বের ৩৩তম বৃহত্তম অর্থনীতির দেশ। আমরা এখন আত্মনির্ভরশীল। সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে।”

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর উপশহর এলাকায় নির্বাচনি প্রচারণার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, “আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। অন্যদিকে বিএনপি চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।”

বিএনপির অসহযোগ আন্দোলনকে দুঃখজনক আখ্যায়িত করে তিনি বলেন, “তারা মনে করছে, নির্বাচনে এলে তারা ভোট পাবে না। বিএনপি ভুল পথে চলছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক।”

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ সেলিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, অ্যাডভোকেট আফসর আহমদ, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফজলে রাব্বী চৌধুরী মাসুম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল ওয়াহিদ, মো. আবুর কামাল, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক সাজেদা পারভিন, সৈয়দা রাবেয়া ইসলাম, সুলতানা বেগম, ওয়ার্ড সভাপতি জাভেদ আহমদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেন আহমদ, তারেক আহমদ, সুযেব আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা।

   

About

Popular Links

x