রাজধানীর নিউমার্কেট এলাকার সেন্ট্রাল রোডে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনি প্রচারণা করার সময় সমর্থকদের নিজেদের মধ্যে মারামারিতে অন্তত ১২ জন আহত হয়েছেন।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল।
আহতরা হলেন- সোহেল খান (২৮), আব্দুল জলিল (৩৮), রফিকুল ইসলাম জুয়েল (৩৮), উজ্জ্বল হোসেন (৩৫), জনি (২৫), অনিন্দ্র চৌধুরী (২৩), শিশির (২৫), তুষার (২৭), ইব্রাহিম (৩০), মাহিসহ (২৫) অন্তত ১২ জন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
তারা ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মী।
এসআই মো. কামাল বলেন, “আমি খবর পেয়ে হাসপাতালে এসেছি। আহতদের তথ্য সংগ্রহ করছি। এখন বিস্তারিত কিছু বলতে পারছি না।”
আহতদের হাসপাতালে নিয়ে আসা সাহেদ আলী বলেন, “১৮ নম্বর ওয়ার্ড ইউনিট সভাপতি ইমাম হোসেন মঞ্জিলের নেতৃত্বে বহিরাগত ছেলেদের নিয়ে আমাদের লোকজনের ওপর ধাক্কাধাক্কি শুরু করে, পরে হামলা চালায়।”
ঢামেকে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের বিভিন্ন ধরনের ইনজুরি রয়েছে, তবে তাদের কেউ গুরুতর নয়। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।



