রংপুর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও দলটির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, “দেশে এখনও চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। ভোট সুষ্ঠু না হলে সংসদ নির্বাচনের পর অস্থিরতা আরও বাড়তে পারে।” নির্বাচন সুষ্ঠু হলেও অস্থিরতা পুরোপুরি কমবে না বলেও মনে করেন তিনি।
প্রচারণার শেষ দিনে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত জেলার চারটি আসনে জাতীয় পার্টির নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।
পীরগাছা উপজেলার কদমতলি চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাপা প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গলের জনসভায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী ও ওই আসনের আওয়ামী লীগ প্রার্থী টিপু মুনশির কঠোর সমালোচনা করেন জাপা চেয়ারম্যান।
জিএম কাদের বলেন, ‘‘দেশে উৎপাদিত পেঁয়াজের দাম কমাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ভারত থেকে আমদানি করার পরেও দাম কমাতে পারেননি। একেক সময় একেক কথা বলে সরকারকে বিব্রত করেছেন।’’
তিনি আরও বলেন, ‘‘টিপু মুনশি এ আসনের এমপি হলেও ১৫ বছরেও কোনো উন্নয়ন করেননি। বরং এলাকার মানুষকে তিনি তাচ্ছিল্য করে কথা বলেছেন। তিনি বলেছিলেন, তার নির্বাচনি এলাকার মেয়েরা নাকি দিনে তিনবার মুখে লিপস্টিক বদলায়, কিন্তু আজ জনসভায় এসে দেখলাম কোনো নারীর মুখে লিপস্টিক নেই। কিন্তু মন্ত্রীর চারপাশে যারা থাকেন তাদের মুখে লিপস্টিক। তিনি ওইসব লিপস্টিকওয়ালাদের নিয়ে ব্যস্ত থাকেন।’’
সভায় রংপুর-৪ আসনে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল, রংপুর সিটি মেয়র মোস্তফাসহ স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন- টিপু মুনশি নিজেই অনেকবার বলেছেন তার বাড়ি গোপালগঞ্জে তিনি পীরগাছার মানুষ না তিনি বহিরাগত। এবার এলাকার লোকজন বহিরাগত টিপু মুনশিকে বয়কট করে স্থানীয় প্রার্থীকে ভোট দেবেন।
মিঠাপুকুরের জনসভা
রংপুর-৫ আসনের মিঠাপুকুর উপজেলা সদরে জাপা প্রার্থী আনিসুর রহমানের সমর্থনে জনসভায় জি এম কাদের বলেন, “নৌকাকে হটিয়ে লাঙ্গলে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগ এর আগে সবসময় নির্বাচনে কারচুপি করেছে। তারা রংপুর সদর আসন ছাড়া সব আসনেই মুখোশধারী প্রার্থী দিয়ে জাতীয় পার্টির দুর্নাম দেওয়ার জন্য আসন ছাড়ার মিথ্যা প্রচারণা করছে।”
রংপুর-৪ আসনে জাপা প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল, রংপুর-৫ আসনে আনিসুর রহমান ও রংপুর-৬ আসনে নুর আলম যাদুকে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান দলটির চেয়ারম্যান।



