Thursday, July 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবু সাঈদের কবর জিয়ারত শেষে রায় দ্রুত কার্যকরের দাবি নাহিদ ইসলামের

কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ও তাদের খোঁজখবর নেন

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৭:২৩ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক এবং সংসদে বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘‘জুলাই আন্দোলনের প্রথম শহীদ বেরোবির শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হচ্ছেন জুলাই আন্দোলনের শহীদদের ইমাম এবং জুলাই বিপ্লবের রুহানী নেতৃত্ব। তিনি ওই আন্দোলনের সকলের পূর্বসূরি এবং অগ্রসৈনিক ছিলেন। আজ তার দ্বিতীয় শাহাদত বার্ষিকীতে তাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।’’

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে নিজ বাড়ির সামনে কবরে শায়িত আবু সাঈদের কবর জিয়ারত ও মোনাজাত শেষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের অকুতোভয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক শহীদ আবু সাঈদ স্বৈরাচারী শেখ হাসিনার দমন-পীড়ন নীতির বিরুদ্ধে দুই হাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়িয়ে পুলিশের গুলিতে শাহাদত বরণ করেন। তার শহীদ হবার মধ্য দিয়েই আমাদের গণআন্দোলন, গণঅভ্যুত্থান এবং এরপর বিপ্লবের পথে যাত্রার অগ্রসৈনিক হচ্ছেন শহীদ আবু সাঈদ।”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আবু সাঈদ হত্যার বিচার হয়েছে কিন্তু এখন পর্যন্ত রায় কার্যকর করা হয়নি। আসামিরা আপীল করেছে, অথচ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আপীল শুনানীর কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। ৬০ দিনের মধ্যে শুনানী শুরু হবার কথা ছিল। সেই সাথে ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ কয়েকজনের ফাঁসির আদেশ হলেও এখন পর্যন্ত তাদের ভারত থেকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। তিনি অবিলম্বে এই রায় কার্যকর করার দাবি জানান।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, আমরা সকল বৈষম্য দূর করার জন্য বিচার, সংস্কার ও নির্বাচনের জন্য আন্দোলন করেছি। নির্বাচন হলেও সংস্কার ও বিচার এখনও শেষ হয়নি; বরং বিএনপি ওয়াদা করলেও জনগণের দেওয়া ম্যান্ডেটের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বেঈমানী করেছে। গণভোটে ৭০ ভাগ মানুষ সংস্কারের পক্ষে রায় দিলেও বিএনপি জনগণের দেওয়া রায়ের সাথে চরমভাবে বিশ্বাসঘাতকতা করেছে। জনগণের দাবি ছিল বৈষম্য দূর করা, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করা, এর কোনোটাই বাস্তবায়ন করতে পারে নাই বিএনপি।

তিনি আরও জানান, বিএনপি যদি সংস্কারের প্রস্তাব বাস্তবায়নে আমাদের সহযোগিতা চায়, তবে আমরা সব সময় সহযোগিতা করতে প্রস্তুত আছি। তবে যদি বিএনপি সংস্কার প্রক্রিয়া নিয়ে এভাবে বিশ্বাসঘাতকতা চালিয়ে যায়, তাহলে জাতীয় নাগরিক পার্টি আগের মতোই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়াবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।

এর আগে নাহিদ ইসলাম দলের নেতা-কর্মীদের নিয়ে শহীদ আবু সাঈদদের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন এনসিপির সাধারণ সম্পাদক আখতার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলীয় মুখপাত্র সারজিস আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়া জেলা এনসিপির আহ্বায়ক মামুন সহ মহানগর নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ও তাদের খোঁজখবর নেন।

   

About

Popular Links

x