যেকোনো কিছুর বিনিময়ে উখিয়া-টেকনাফকে মাদকের কলঙ্কমুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। তিনি বলেছেন, “যারা মাদক চোরাকারবারিদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজিতে জড়িত, তাদের নাম প্রকাশ করা হবে। এবার যেকোনো বিনিময়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াব।”
শনিবার (১৩ জানুয়ারি) সকালে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় ও শুকরিয়া সভায় এসব কথা বলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া শাহীন আক্তারের স্বামী আব্দুর রহমান বদি।
বক্তব্যে আব্দুর রহমান বদি আরও বলেন, “উখিয়া-টেকনাফে শিক্ষার আলোয় আলোকিত করা হবে। ইয়াবা কারবারিরা যতই শক্তিশালী হোক, তারা সরকারের চেয়ে শক্তিশালী নয়।”
অনুষ্ঠানে শাহীন আক্তার বলেন, “মাদকের তালিকা থেকে যারা বাদ যাচ্ছে, তারা যেন বাদ না পড়ে সে বিষয়টি সংসদে উত্থাপন করা হবে।”
টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা ইউনুছ বাঙ্গালী, পৌর কাউন্সিলর আব্দুল্লাহ মনির, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর প্রমুখ।
এ সময় নবনির্বাচিত এমপি শাহীন আক্তার বদি ও আব্দুর রহমান বদিকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।



