Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আরাফাতকে আটকের খবরে মিষ্টি নিয়ে ডিবি অফিসে যাচ্ছেন হিরো আলম

আরাফতের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করবেন বলেও জানান হিরো আলম

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৮:২৪ পিএম

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। আরাফাতকে আটক করায় মিষ্টি নিয়ে মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে রওনা হয়েছেন সোশ্যাল মিডিয়ার বরাতে আলোচনায় উঠে আসা কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। সেইসঙ্গে আরাফতের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করবেন বলেও জানান  তিনি।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে তিনি মোবাইল ফোনে ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন ।

হিরো আলম বলেন, “আপনারা দেখেছেন আমি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি। কোনো মতে বেঁচে ফিরেছিলাম।”

মিষ্টি নিয়ে যাওয়ার প্রসঙ্গে হিরো আলম বলেন, “আমি ডিবি অফিসের সামনে গিয়ে মিষ্টি বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। এটাই আমার কাছে বড় প্রতিবাদ ও অনন্দের বিষয়।”

এর আগে, মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান থেকে তাকে আটক করা হয়। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ত্যাগের পর সাবেক এই প্রতিমন্ত্রীকে জনসমক্ষে দেখা যায়নি।

সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মো. তাহিদুল ইসলাম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য ৪৭ জনের সঙ্গে তিনি আসামি। এছাড়াও একইরকম আরও কয়েকটি মামলায় তাকে আসামি করা হয়েছে।

আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন “থিংক ট্যাংক” হিসেবে কাজ করছেন। আগে বিভিন্ন টেলিভিশন টকশোতে দলের হয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। এরই ধারাবাহিকতায় তিনি ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। ২০২৩ সালের জুলাইয়ে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল আলমকে (হিরো আলম) হারিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

   

About

Popular Links

x