Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জিএম কাদের: জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করে নির্বাচন করতে বাধ্য করেছিল

‘আওয়ামী লীগের অপকর্মের দায় আমাদের নয়’

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০১:০৯ পিএম

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, “২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করে সবাই আওয়ামী লীগকে বৈধতা দিয়েছিল। ২০১৪ ও ‘২৪-এর নির্বাচনে জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করে নির্বাচন করতে বাধ্য করেছিল।”

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার রাতে কাকরাইল জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এই সংবাদ সম্মেলনে ডাকা হয়।

জিএম কাদের বলেন, “আমাদেরকে বলা হয় আওয়ামী লীগের দোসর। কীভাবে ২০০৮ সালে নির্বাচনে আমরা আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করে নির্বাচনে অংশ নিয়েছিলাম। সেই শেখ হাসিনার সরকারে আমি মন্ত্রী ছিলাম। তাই বলে আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদ ও অন্যায়ের ভাগীদার হবো কেন? সেই সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী থাকাকালে হজযাত্রীদের খারাপ বিমানে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে তার প্রতিবাদে আমি পদত্যাগপত্র জমা দিয়েছিলাম।”

তিনি বলেন, “তখন এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত প্রতিবেদনে আমি যে সঠিক ছিলাম তা উঠে এসেছিল। যার কারণে আমাকে পদত্যাগ করতে দেয়নি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

সাবেক এই মন্ত্রী বলেন, “১৯৯০ সাল থেকে আমাদেরকে শেষ করার যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, এখনকার জাতীয় পার্টির নিয়ে যা হচ্ছে তা সেই ষড়যন্ত্রের অংশ। গত কিছুদিন ধরে একটা ক্ষুদ্র জনগোষ্ঠী জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর বলে নানা অপ্রচার করছে। আমরা শুরুতে ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার এলে এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু সেটা এখনও চলছে।”

তিনি বলেন, “আমরা আমাদের রাজনীতি করেছি, আওয়ামী লীগ করেছে তাদের রাজনীতি। আওয়ামী লীগের অপকর্মের প্রতিবাদ করেছি। তাদের অপকর্মের দায় আমাদের নয়।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিক্ষুব্ধ জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে একটি মশাল মিছিল নিয়ে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান। আন্দোলনকারীরা বলেন, আওয়ামী লীগের দোসর হিসেবে থাকার কারণে জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই।

একপর্যায়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা অফিসের ভেতর থেকে বের হয়ে আসেন। তখন সেখানে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে আন্দোলনকারী জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যান। এরপর কার্যালয়টিতে আগুন দেন আন্দোলনকারীরা।

   

About

Popular Links

x