কিছু-কিছু ছাত্রনেতা সরকার ও মন্ত্রণালয়ের কাজে অযাচিত হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শনিবার (১ মার্চ) বিকেলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নুরুল হক নুর বলেন, “গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঐক্য তৈরি হয়েছিল, আজ তাতে ফাটল সৃষ্টি হয়েছে। গুটি কয়েক ছাত্রনেতা সরকারকে নিয়ন্ত্রণ ও মন্ত্রণালয়ের নানা কাজে অযাচিত হস্তক্ষেপ করছে।”
উপদেষ্টা পরিষদে থেকে দল গঠনে কাজ না করে দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানান ডাকসুর সাবেক ভিপি। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে শহিদ আবু সাঈদের পরিবারকে আমন্ত্রণ না জানানোর সমালোচনা করেন তিনি।
নুরুল হক নুর আরও অভিযোগ করেন, “নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়ি ব্যবহার করে ঢাকায় এসেছে ছাত্র-জনতা, যা কাম্য না।”
নুর জানান, ছাত্রনেতারা সরকারে থাকায় সরকারের নানা কাজে বিলম্ব হচ্ছে। এ জন্য ৬ মাসে সরকারের কোনও উন্নতি নেই বলে দাবি তার।
এ সময় উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, শহিদ পরিবারগুলোকে পুনর্বাসন, গণহত্যার বিচার করে আওয়ামী লীগ নিষিদ্ধ ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি।



