চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল ‘‘জনতা পার্টি বাংলাদেশ’’। দলটির দলীয় স্লোগান- গড়বো মোরা ইনসাফের দেশ।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়।
নতুন দলের কমিটিতে সভাপতি ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ ও মুখপাত্র হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন।
নতুন এই দলে রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক ও সাবেক সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা স্থান পেয়েছেন।
১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে ইলিয়াস কাঞ্চন সড়ক নিরাপত্তা নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় ইলিয়াস কাঞ্চন ‘‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’’ আন্দোলনের প্রতিষ্ঠাতা। বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হলেন।
‘‘জনতা পার্টি বাংলাদেশ’’র মহাসচিব শওকত মাহমুদ জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তবে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২৩ সালের ২১ মার্চ বিএনপি থেকে বহিষ্কার হন তিনি।



