জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, “আগে স্থানীয় সরকার নির্বাচনটা দিন। আমরা দেখি আপনাদের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু। এটার প্রমাণ আপনারা পেশ করুন।”
শুক্রবার (২৫ এপ্রিল) ময়মনসিংহ নগরের সার্কিট হাউস ময়দানে জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে জামায়াত আমির বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে যদি জনগণ সন্তুষ্ট হয়, তাহলে পূর্ণ সহযোগিতা করবে। এখানে যদি কোনো কিছু ধরা পড়ে তাহলে নির্বাচন কমিশনকে হলুদ নয়, লাল কার্ড দেখাবে।”
এ বিষয়ে শফিকুর রহমান আরও বলেন, “আমরা শুনতে পাচ্ছি, সংসদ দুই কক্ষবিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হচ্ছে, নিম্নকক্ষ ও উচ্চকক্ষ। মূল কর্তৃত্ব থাকবে নিম্নকক্ষের হাতে। সেটার নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে, আর উচ্চকক্ষের প্রস্তাব দেওয়া হয়েছে পিআর সিস্টেমে। উচ্চকক্ষ যদি পিআর সিস্টেমে হয়, তাহলে নিম্নকক্ষ নয় কেন?”
তিনি বলেন, “একই দেশে দুই পদ্ধতির প্রয়োজনটা কী। দুনিয়ার ৬২টি দেশ পিআর সিস্টেমে নির্বাচন করে। তারা যদি সুফল যুগ যুগ ধরে ভোগ করে তাহলে এই সুফল থেকে জাতিকে বঞ্চিত করার আমরা কে? সুতরাং এই অধিকার জাতির হাতে তুলে দিতে হবে। যারা মানবেন না তারা হলো, বিচার মানি তালগাছটা আমার। আমরা বলব বিচার মানুন, রায়ে তালগাছ যার তার হাতে যাবে।”
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ছামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির মো. আবদুল করিম, নায়েবে আমির কামরুল হাসান প্রমুখ। কর্মী সম্মেলন সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ্ কায়সার।



