Monday, November 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

শফিকুর রহমান: আল্লাহর আইন ছাড়া শান্তির সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়

কারখানায় পুরুষের পাশাপাশি নারীদেরও নামাজের সুযোগ দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির

আপডেট : ০১ মে ২০২৫, ০২:১৯ পিএম

আল্লাহর আইন ছাড়া টেকসই ও শান্তির সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “তাই ইসলামী বিধান অনুযায়ী শ্রমিক-মালিক পরস্পরকে হাতে হাত রেখে সমাজ গড়ায় এগিয়ে আসতে হবে।”

বৃহস্পতিবার (১ মে) দুপুর পৌনে ১২টায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পুরানা পল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াতের শ্রমিক সংগঠন “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন” এই সমাবেশের আয়োজন করে। সকাল ৯টায় শুরু হয়ে সমাবেশ শেষ হয় পৌনে ১২টায়।

জামায়াতের আমির বলেন, “অনেক সময় মালিকদের বিরুদ্ধে শ্রমিক নির্যাতনের অভিযোগ ওঠে। মালিক-শ্রমিক দ্বন্দ্ব আমরা চাই না। আমরা চাই মালিকপক্ষ এটা বুঝবে, শ্রমিক বাঁচলে আমাদের শিল্প বাঁচবে।”

তিনি বলেন, “পারস্পরিক সম্মান ও বোঝাপড়ায় টেকসই সমাজ গড়তে আল্লাহর আইন ছাড়া সম্ভব নয়। ৮ ঘণ্টা শ্রমের বিনিময়ে একজন শ্রমিককে যে পারিশ্রমিক দেওয়া হয়, তা দিয়ে জীবিকা নির্বাহ করা কঠিন। তাই বাধ্য হয়ে তাকে আরও বিকল্প খুঁজতে হয়। তাদের এই অমানবিক জীবনের অবসান ঘটাতে চাই।”

মিলকারখানায় পুরুষের পাশাপাশি নারীদেরও নামাজের সুযোগ দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। নারীদের উদ্দেশে তিনি বলেন, “জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে নারীদের পছন্দ অনুযায়ী কাজের ব্যবস্থা করা হবে।”

জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান মে দিবসকে “শ্রমিক দিবস” বলার আহ্বান জানান। তিনি বলেন, “এতে শ্রমিকরা সন্মানিত হবেন।”

   

About

Popular Links

x