বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসির) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবার নগর ভবন “ব্লকেড” কর্মসূচি দিয়েছেন তার সমর্থকেরা।
রবিবার (১৮ মে) দুপুরে নগর ভবনে টানা চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান।
এই কর্মসূচির আওতায় সোমবার বেলা ১১টা থেকে নগর ভবন ব্লকেড ও এর আশপাশের এলাকায় ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বুধবার থেকে টানা চারদিনের মত অবস্থান কর্মসূচির কারণে নগর ভবনের কার্যক্রম কার্যত স্থবির হয়ে আছে।
চতুর্থ দিনের মতো রবিবার সকাল ৯টা থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
পরে দুপুর ১২টার দিকে নগর ভবনের সামনে থেকে আজও সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ নগরবাসী। নগর ভনের সামনে থেকে গুলিস্তান হয়ে সচিবালয়, জাতীয় প্রেসক্লাব, শিক্ষাভবন প্রদক্ষিণ শেষে আবারও নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচন হয়। তাতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস।
ক্ষমতার পট পরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন।
এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে ইশরাকের শপথ অনুষ্ঠান এখনও হয়নি।



