Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে জামায়াতের জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু

সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে ব্যাপক জনসমাগম হয়েছে

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১২:৪৭ পিএম

রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করছেন ইসলামী সঙ্গীতশিল্পী ও গীতিকার সাইফুল্লাহ মানসুর। সাইমুম শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করছে। এছাড়াও বিভিন্ন মহানগর ও বিভাগীয় পর্যায়ে সাংস্কৃতিক সংগঠনগুলো অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে ব্যাপক জনসমাগম হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে আসতে শুরু করে দলটির নেতা-কর্মীরা। আজ শনিবার সকালে মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয় হাজার হাজার নেতা-কর্মী। এতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যান পেরিয়ে বাইরেও প্রচুর মানুষকে অবস্থান নিতে দেখা গেছে।

দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, এই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে জামায়াত। আগামী জাতীয় নির্বাচন ও গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের পাশাপাশি গোপালগঞ্জে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) সমাবেশে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই সমাবেশ হতে যাচ্ছে। সমাবেশে বড় ধরনের জমায়েত নিশ্চিত করতে রেলপথ, নৌপথ ও সড়কপথে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে দলটি।

জামায়াত আরও জানিয়েছে, এই সমাবেশে তাদের মূল দাবি হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি করা, মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ইত্যাদি।

এর আগে গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করে জানায়, সমাবেশে তারা বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। সমাবেশে তারাও বক্তব্য দেবেন।

 

   

About

Popular Links

x