Sunday, June 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

৪৫% ব্রাজিলিয়ান বিশ্বকাপে নেইমারকে দেখতে চান না

শেষ প্রস্তুতির আগে স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে চলছে চরম অনিশ্চয়তা

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পিএম

২০২৬ বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু এখন একজনই - নেইমার জুনিয়র। ইনজুরি আর অফ-ফর্মের দীর্ঘ লড়াই শেষে নেইমার কি কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা পাবেন? আগামী ১৮ মে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে এই প্রশ্নই এখন ফুটবল বিশ্বের আলোচনার তুঙ্গে। এরই মধ্যে ব্রাজিলের বিখ্যাত গবেষণা সংস্থা ‍“জেনিয়াল/কুয়েস্ট” এক জরিপ চালিয়ে ব্রাজিলিয়ানদের মনের বিচিত্র এক চিত্র তুলে ধরেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ব্রাজিলের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক গবেষণা সংস্থা “জেনিয়াল/কুয়েস্ট” প্রকাশিত একটি জরিপে দেখা গেছে, নেইমারকে জাতীয় দলে ডাকার পক্ষে মত দিয়েছেন ৪৭% ব্রাজিলিয়ান। তাঁর দলে ফেরার বিপক্ষে মত দিয়েছেন ৪৫% ব্রাজিলিয়ান। বাকি ৮% এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বা কোনো সিদ্ধান্ত দেননি।

অঞ্চলভেদেও মতামতের ভিন্নতা লক্ষ্য করা গেছে। ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চল এবং মধ্য-পশ্চিমাঞ্চলের মানুষ নেইমারের দলে ফেরার পক্ষে জোরালো সমর্থন দিলেও দক্ষিণাঞ্চলের মানুষ তার বিপক্ষে অবস্থান নিয়েছেন। সান্তোসের শহর সাও পাওলোর দক্ষিণ-পূর্বাঞ্চলে আবার দুই পক্ষের অবস্থান প্রায় সমানে সমান।

সবচেয়ে আশঙ্কাজনক তথ্য হলো, ৬৮ % ব্রাজিলিয়ানই মনে করেন এবারও সেলেসাওদের বিশ্বজয়ের কোনো সম্ভাবনা নেই। সংস্থার জরিপ ইতিহাসে ফুটবল নিয়ে এমন চরম হতাশার হার আগে কখনো দেখা যায়নি।

৩৪ বছর বয়সী নেইমার বর্তমানে তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ২০২৩ সালের অক্টোবরের পর চোট ও ফিটনেস সমস্যার কারণে তিনি আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে ব্রাজিলের আর কোনো ম্যাচ না থাকায় সান্তোস তারকার ভাগ্য এখন ১৮ মে-র ওপরই নির্ভর করছে। স্কোয়াডে ডাক পেলে পানামা ও মিসরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ দিয়ে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন তিনি।

   

About

Popular Links

x