Sunday, June 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রাজিল ছেড়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগদান

আর্জেন্টিনায় যোগ দেওয়া ইমরান তার দলবদলের পেছনের দীর্ঘদিনের পুঞ্জীভূত কষ্টের কথা জানান

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৪:৩০ পিএম

মাঠের লড়াই শুরু হওয়ার আগেই মাঠের বাইরে পুরোদমে ছড়িয়ে পড়েছে ফুটবল বিশ্বকাপের তপ্ত উত্তাপ। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগরে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে শনিবার (৬ জুন) এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও নানা উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি রাজনগর উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শত শত ফুটবলপ্রেমীর উপস্থিতিতে এই আয়োজনের সবচেয়ে আলোচিত ও আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল ইমরান নামের এক ব্রাজিল সমর্থকের দলবদল। দীর্ঘদিন ধরে কট্টর ব্রাজিল সমর্থক হিসেবে পরিচিত ইমরান এবার দলটির ওপর ক্ষোভে-দুঃখে আলবিসেলেস্তে শিবিরে যোগ দিয়েছেন। আর্জেন্টিনায় যোগদানের আগে তিনি প্রতীকীভাবে দুধ দিয়ে গোসল করে ধুয়ে ফেলেন ব্রাজিলের স্মৃতি, এরপর গায়ে চাপিয়ে নেন আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি।

ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ দেওয়া ইমরান তার দলবদলের পেছনের দীর্ঘদিনের পুঞ্জীভূত কষ্টের কথা জানান। তিনি বলেন, “২০১৪ সালে ঘরের মাঠে জার্মানির কাছে পরাজয়, এরপর ২০১৮ সালে বেলজিয়ামের সাথে এক বিভীষিকাময় হার এবং সর্বশেষ ২০২২ সালে ক্রোয়েশিয়ার সাথে শেষ সময়ে এসে টাইব্রেকারে হেরে বিদায়—এই প্রতিটি ম্যাচ আমার হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছে। এই পরাজয়ের গ্লানি আমি আর সহ্য করতে পারছিলাম না, নিজের মনকেও বোঝাতে পারছিলাম না। তাই অনেক ভেবে এবার আর্জেন্টিনায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

দুধ দিয়ে গোসল শেষে আর্জেন্টিনার নতুন জার্সি গায়ে জড়িয়ে আনুষ্ঠানিকভাবে তিনি রাজনগরের আর্জেন্টিনা সমর্থকদের সাথে আনন্দ শোভাযাত্রায় পা মেলান।

আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ রাজনগরের আয়োজনে এই দিনব্যাপী উৎসবে মেতে ওঠেন স্থানীয় ফুটবলপ্রেমীরা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে সবার হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা এবং আর্জেন্টিনার আকাশী-সাদা পতাকা। বিশ্বকাপে দলের সাফল্যের প্রত্যাশা জানিয়ে ব্যানার ও ফেস্টুনসহ রাজপথে উল্লাস করেন ভক্তরা।

শোভাযাত্রা শেষে আর্জেন্টিনা দলের শুভকামনায় এক বিশাল কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল শিকদার, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী এবং স্থানীয় বিএনপি নেতা আব্দুল কাইয়ুম বকুলসহ অনেকে। বক্তারা বিশ্বকাপের এই উন্মাদনাকে কেবলই বিনোদন হিসেবে উপভোগ করার এবং পারষ্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

   

About

Popular Links

x