Sunday, June 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্ত্রীর পরকীয়া প্রেমিককে শিক্ষা দিতে তার স্ত্রীকেই বিয়ে করলেন ভুক্তভোগী স্বামী

চাঞ্চল্যকর এই ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৬:০৭ পিএম

স্ত্রীর পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার পর প্রতিশোধ নিতে সেই প্রেমিকের স্ত্রীকেই বিয়ে করেছেন এক যুবক। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা-সমালোচনা।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া গ্রামের সাইজুদ্দীন মিয়ার ছেলে হাসান মিয়া প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে জহুরা আক্তারকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। হাসান মিয়ার বাড়ির পাশে একটি এনজিওতে বাবুর্চির কাজ করতেন সাতক্ষীরা জেলার রাজু মিয়া। পাশাপাশি বাড়ি থাকায় রাজুর সঙ্গে হাসান মিয়ার পারিবারিকভাবে ওঠাবসার সুযোগ ঘটে এবং জহুরা আক্তারের সঙ্গে রাজুর সখ্যতা তৈরি হয়। একপর্যায়ে সেই সম্পর্ক পরকীয়ায় রূপ নেয়। গত ৭ মে হাসানের স্ত্রী জহুরাকে নিয়ে পালিয়ে যান রাজু।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাসান মিয়া এক অভিনব প্রতিশোধের পথ বেছে নেন। তিনি সরাসরি রাজুর প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে হাসান মিয়া বলেন, ‍“ও আমার বউ নিয়ে গেছে, তাই আমিও ওর বউ নিয়ে এসেছি। পরকীয়া প্রেমের শাস্তি দিতেই আমি এমন কাজ করেছি।”

হাসান জানান, চলতি মাসের ৪ জুন সাতক্ষীরা থেকে রাজুর স্ত্রীকে তার তিন বছরের সন্তানসহ মির্জাপুরে নিয়ে আসা হয় এবং পরে হাসান তাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন।

এই ঘটনার পর থেকে অভিযুক্ত রাজু মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার শাহজাহান সিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর থেকে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

   

About

Popular Links

x