“হেক্সা” শব্দটি এসেছে গ্রিক শব্দ “হেক্স” থেকে, যার অর্থ ছয় বা ষষ্ঠতম। গ্রিক ভাষার এ উপসর্গটির নিজস্ব অর্থ নেই। কোনো কিছুর পাশে বসলে তখন একটা অর্থ তৈরি হয়।
যেমন ধরা যাক, ব্রাজিলের “হেক্সা” মিশনের কথা। বিশ্বকাপ এলেই শুরু হয়ে যায় দলটির সমর্থকদের হইচই। প্রতিবারই হেক্সা মিশনে অর্থাৎ ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিততে মাঠে নামে তারা। গত ৫ বিশ্বকাপ ধরেই ব্রাজিল ভক্তদের এধরনের হইচই দেখেছে ফুটবলপ্রেমীরা।
আর মাত্র ৫ দিন পরই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ-২০২৬। এবারও হট ফেভারিট দল ব্রাজিলের “হেক্সা মিশন” নিয়ে চলছে তুমুল আলোচনা।
সবশেষ ২০০২ সালে পঞ্চমবারের মতো কাপ নিজেদের ঘরে তুলে নিয়েছিল ব্রাজিল। এরপর পেরিয়ে গেছে ২৪ বছর। ২০০৬ সাল থেকে শুরু করে ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ পাঁচবারই হেক্সার আশায় খালি হাতেই ফিরতে হয়েছে ব্রাজিল দলকে। আর এবার হেক্সাবার (ষষ্ঠবার), হেক্সা মিশনে যুক্তরাষ্ট্রে নেইমারের দল।
আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি অবশ্য বলছেন, “ব্রাজিল এবারের বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল”।
বিশ্বকাপের আগ দিয়ে টানা তিন ম্যাচে ব্রাজিলের দাপুটে জয় দেখে এ নিয়ে সন্দেহ থাকার তেমন কোনো কারণও ছিলো না।
তবে ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ। কারণ, তাদের আশায় রীতিমতো জল ঢেলে দিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপ। জরিপে তারা দেখিয়েছে, এবারের টুর্নামেন্টে সবচেয়ে ব্যর্থ দল হবে নাকি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল!



