প্রেমের টানে সুদূর চীন থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ছুটে এসেছেন চীনা নাগরিক ওয়াং ইউলাই (৩২)। উদ্দেশ্য আনিকা আক্তারকে (২০) বিয়ে করে নতুন জীবন শুরু করা।
শনিবার (৩০ মে) উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পূর্বপাড়ার বাসিন্দা আনিকা আক্তারের প্রেমের টানে ছুটে আসেন ওয়াং ইউলাই। তিনি চীনের রাঙ্গগুই প্রদেশের বাসিন্দা এবং পেশায় একজন স্কুল শিক্ষক।
চীনা যুবকের আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। বিদেশি নাগরিককে এক নজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আনিকার বাড়িতে ভিড় করেন।
রবিবার দুপুরে আনিকার পরিবারের সদস্যদের সঙ্গে মির্জাপুর থানায় সৌজন্য সাক্ষাৎ করেন ওয়াং ইউলাই। এ সময় তারা মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুনের সঙ্গে দেখা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৭ মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম (ওয়ার্ল্ড টক) অ্যাপের মাধ্যমে ওয়াং ইউলাই ও আনিকা আক্তারের পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। দীর্ঘ ৭ মাস অনলাইনে যোগাযোগের পর এক মাসের ভিসা নিয়ে বাংলাদেশে আসেন চীনা এই যুবক।
ওয়াং ইউলাই বলেন, “আমি আনিকাকে ভালোবাসি। তাকে বিয়ে করে সুখে-শান্তিতে সংসার করতে চাই। বাংলাদেশে এসে তার পরিবারের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আমি বাংলাদেশের আইন অনুযায়ী ইসলাম ধর্ম গ্রহণ করে আনিকাকে বিয়ে করতে চাই। বিয়ের পর তাকে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”
আনিকা আক্তার বলেন, “অনলাইনে পরিচয়ের পর ধীরে ধীরে আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। এখন আমরা বিয়ের মাধ্যমে সেই সম্পর্ককে পরিণতি দিতে চাই।”
এ বিষয়ে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “চীনা নাগরিক, আনিকার পরিবারসহ তারা থানায় সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। চীনা নাগরিক তার একটি পাসপোর্ট প্রদর্শন করেছেন। তাদের কোনো আইনগত সহযোগিতা প্রয়োজন হলে পুলিশের পক্ষ থেকে সহায়তা করা হবে।”



