মিরপুর টেস্টে দাপুটে জয়ের পর সিলেটেও পারফরম্যান্স ধরে রাখল টাইগাররা। পাকিস্তানের সঙ্গে দুই ম্যাচের সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্ট ৭৮ রানের ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশের স্বাদ পেলো টাইগাররা।
বুধবার (২০ মে) সকালে ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার ইতিহাস গড়লো বাংলাদেশ দল।
টেস্টের পঞ্চম দিনের শুরুতে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১২০ রান, আর বাংলাদেশের দরকার ছিল তিনটি উইকেট। আগের দিন ৭ উইকেটে ৩১৭ রান নিয়ে ব্যাট করছিল পাকিস্তান।
তবে দিনের শুরুতে অষ্টম উইকেটে রিজওয়ান ও সাজিদ খানের মধ্যে গড়ে ওঠা ৫০ রানের বেশি জুটি ম্যাচে ফেরার আশা জাগায় পাকিস্তানকে। সেই আশায় জল ঢেলে দেন তাইজুল ইসলাম। এরপর একে একে সব উইকেট হারিয়ে ৭৮ রানের ব্যবধানে হার মানে সফরকারীরা।
সিলেট টেস্ট জয়ের পর “বিশ্ব চ্যাম্পিয়নশিপ” টেবিলে ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। ভারত নেমে গেছে ছয়ে, বাংলাদেশ উঠেছে পাঁচে। পাকিস্তানকে ধবলধোলাই করার পর ৫৮.৩৩% শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠেছে পাঁচে, ৪৮.১৫% পয়েন্ট নিয়ে ছয়ে ভারত। বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হওয়া পাকিস্তান ৮.৩৩% পয়েন্ট নিয়ে আছে ৯ দলের মধ্যে আটে।
এদিকে, এই টেস্ট জয়ের মধ্য দিয়ে “টেস্ট র্যাংকিংয়ে” ৭ নম্বরে জায়গা করে নিয়েছে শান্তরা।
বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৪৩৭ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৬ রান করে পাকিস্তান। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ ও পাকিস্তান ২৩২ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৯০ রান।
মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্ট ১০৪ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল টাইগাররা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের শেষ দিকে ৪৩৭ রানের লক্ষ্য পায় পাকিস্তান। জবাবে দিনের শেষভাগে ২ ওভার ব্যাট করে কোন রান তুলতে পারেনি সফরকারীরা।
চতুর্থ দিনের শুরুতে ভালো শুরু করেও দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৩০৪ রানে সপ্তম উইকেটের পতনের পর দিনের শেষ ১৬ বল বিপদ ছাড়াই শেষ করে টেস্ট পঞ্চম দিনে নেন রিজওয়ান ও সাজিদ খান।



