Monday, June 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

নাহিদ রানার গতি নিয়ে শঙ্কায় অস্ট্রেলিয়া

রানার গতি ও উচ্চতা তাদের ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৯:০৯ পিএম

বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানাকে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

সোমবার (৮ জুন) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিস স্বীকার করেছেন, রানার গতি ও উচ্চতা তাদের ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

সম্প্রতি দুর্দান্ত ফর্মে থাকা নাহিদ রানা পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে আলোচনায় আসেন। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষেও ৮ উইকেট শিকার করে সিরিজসেরা হন তিনি। এমন পারফরম্যান্সের কারণে আসন্ন সিরিজে অস্ট্রেলিয়ার অন্যতম চিন্তার কারণ হয়ে উঠেছেন এই তরুণ পেসার।

নাহিদকে নিয়ে ইংলিস বলেন, “আমি খুব বেশি তার বোলিং দেখিনি। তবে যতটুকু দেখেছি, সে দারুণ একজন বোলার এবং অত্যন্ত সম্ভাবনাময়। লম্বা গড়ন ও গতির সমন্বয় যেকোনো ব্যাটসম্যানের জন্য কঠিন। তাকে সামলানো আমাদের জন্য বড় পরীক্ষা হবে।”

অন্যদিকে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকেও সমীহ করছে অস্ট্রেলিয়া। সম্প্রতি বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট নেওয়া রিশাদ অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কাছে পরিচিত মুখ।

ইংলিস জানান, বিগ ব্যাশে খেলার সুবাদে দলের অনেক ক্রিকেটারই রিশাদকে কাছ থেকে দেখেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার কোচিং স্টাফে থাকা ম্যাথু ওয়েড এবং হোবার্ট হারিকেন্সের ক্রিকেটার নাথান এলিসও রিশাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবেন।

তিনি বলেন, “রিশাদ সত্যিই খুব ভালো বোলার। বিগ ব্যাশে খেলার কারণে আমাদের কয়েকজন তার বোলিং সম্পর্কে ভালো ধারণা রাখে। ম্যাথু ওয়েড ও এলিস তাকে খুব কাছ থেকে দেখেছে। তাই তাকে নিয়ে দলের মধ্যে বিস্তারিত আলোচনা হবে, এতে কোনো সন্দেহ নেই।”

মঙ্গলবার (৯ জুন) শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাংলাদেশের পেস ও স্পিন আক্রমণ অস্ট্রেলিয়ার জন্য কতটা চ্যালেঞ্জ হয়ে ওঠে, সেদিকেই এখন ক্রিকেটপ্রেমীদের নজর।

   

About

Popular Links

x