Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার ফুটবল মাঠ থেকে অভিনয়ে জামাল ভূঁইয়া, নায়িকা কে

রাজধানীর কলাবাগানের একটি মাঠে আনুষ্ঠানিকভাবে এই সিরিজের শুটিং শুরু হয়েছে

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৩:২৯ পিএম

ফুটবল মাঠের সবুজ ঘাস মাতিয়ে এবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের নতুন দুনিয়ায় পা রাখলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনাকে কেন্দ্র করে নির্মিতব্য ‘ব্রাজেন্টিনা’ নামের একটি বিশেষ ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। 

সোমবার (১৫ জুন) রাজধানীর কলাবাগানের একটি মাঠে আনুষ্ঠানিকভাবে এই সিরিজের শুটিং শুরু হয়েছে।

বিশ্বকাপের জোয়ারে দর্শকদের বাড়তি বিনোদন দিতে সিরিজটি নির্মাণ করছেন তারিক মুহাম্মাদ। ৮ পর্বের এই সিরিজে দেশের ফুটবলের এই পোস্টার বয়ের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা ও লামিমা লাম।

পূর্বে বিভিন্ন নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে (টিভিসি) মডেল হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলেও, চরিত্র রূপায়ণের মাধ্যমে পূর্ণাঙ্গ অভিনয়ে এটাই জামাল ভূঁইয়ার প্রথম যাত্রা। নতুন এই ক্যারিয়ার বেছে নেওয়ার পেছনের গল্প জানিয়ে জামাল ভূঁইয়া বলেন, “পরিচালক যখন প্রথম প্রস্তাব নিয়ে আসেন, আমি সরাসরি ‘না’ করে দিয়েছিলাম; বলেছিলাম আমি পারব না। আসলে চার বছর আগেও তিনি আমাকে নিয়ে কাজটি করতে চেয়েছিলেন, কিন্তু তখন ব্যস্ততার কারণে সময় দিতে পারিনি। এবার তিনি আমাকে বেশ কায়দা করে কনভিন্স করেছেন এবং সাহস দিয়েছেন।”

জামাল আরও জানান, পরিচালক তারিক মুহাম্মাদ এর আগে দেশের সাবেক তারকা ফুটবলার আমিনুল হক এবং সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে নিয়ে কাজ করেছেন শুনে তিনি আশ্বস্ত হন। পরবর্তীতে আশরাফুলের সঙ্গে পরামর্শ করলে তিনি জামালকে অভিনয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারে ব্যাপক উৎসাহ দেন।

প্রথমবারের মতো নাটকের সেটে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে জাতীয় দলের এই অধিনায়ক বলেন, “আমার কাছে শুটিংয়ের পুরো প্রক্রিয়াটি ম্যাজিক্যাল মনে হচ্ছে। বিজ্ঞাপনের কাজ আর নাটকের অভিনয়ের ব্যাপারটা একেবারেই আলাদা এবং বেশ কঠিন। নাটকে আমার সহশিল্পীরা সবাই পেশাদার অভিনেতা। শুরুতে একটু মুশকিল মনে হলেও আমি কাজটা দারুণ উপভোগ করছি।”

শুটিং স্পট হিসেবে কলাবাগানের মাঠকে বেছে নেওয়া প্রসঙ্গে নিজের আবেগঘন স্মৃতির কথা তুলে ধরে জামাল বলেন, “এই মাঠের সঙ্গেই জড়িয়ে আছে আমার ফুটবল ক্যারিয়ারের শুরু। আর আজ নিজের জীবনের প্রথম অভিনয়ের শুটিংও করছি এই চেনা মাঠে। এটা সত্যিই অন্যরকম এক অনুভূতি।”

ক্রীড়া ও বিনোদন জগতের এই চমৎকার মেলবন্ধনে ‘ব্রাজেন্টিনা’ সিরিজে জামাল-তিশা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী এবং ইশতিয়াক আহমেদ। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ৩০ জুন একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি বিশ্বজুড়ে থাকা বাঙালি ফুটবল ও নাটকপ্রেমী দর্শকদের জন্য অবমুক্ত করা হবে।

   

About

Popular Links

x