Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেসির জাদুকরী হ্যাটট্রিকে উড়ে গেলো আলজেরিয়া

বিশ্বকাপের রেকর্ড গড়া ষষ্ঠ আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে করলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক

আপডেট : ১৭ জুন ২০২৬, ১০:০৩ এএম

কানসাস সিটির আকাশে তখন নীল-সাদা উন্মাদনা। গ্যালারিতে হাজারো আর্জেন্টাইন সমর্থকের কণ্ঠে একটাই নাম-মেসি, মেসি, মেসি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বল গড়ানোর আগেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন তিনি। আর ম্যাচ শেষ হওয়ার আগেই নতুন করে আবার ইতিহাস লিখলেন নিজের জাদুকরী ফুটবল দিয়ে।

ব্যাপারটা এরকম, কাতার বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন, যেন সেখান থেকেই আবার শুরু করলেন ফুটবল জাদুকর।

বিশ্বকাপের রেকর্ড গড়া ষষ্ঠ আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে করলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। তার তিন গোলেই আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে দুর্দান্তভাবে শিরোপা রক্ষার অভিযান শুরু করলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

শঙ্কা থেকে শিহরণ

বিশ্বকাপ শুরুর আগে মেসিকে ঘিরে ছিল নানা প্রশ্ন। ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি কি আগের মতোই প্রভাব বিস্তার করতে পারবেন? ছয়টি বিশ্বকাপ খেলার বিরল রেকর্ড গড়তে নামা এই ফুটবলার কি  প্রতিপক্ষকে ধ্বংস করে দিতে পারবেন?

সব প্রশ্নের উত্তর তিনি দিলেন মাঠেই।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করেছিলেন মেসি। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। দুই মিনিট পর আলজেরিয়াও একই ভাগ্যের শিকার। ফলে শুরুতেই দুই দলের উল্লাস থেমে যায় ভিএআরের হস্তক্ষেপে।

কিন্তু মেসিকে বেশিক্ষণ আটকে রাখা যায়নি।

১৭ মিনিটে শুরু, তারপর শুধু মেসির গল্প

ম্যাচের ১৭ মিনিটে মাঝমাঠ থেকে অসাধারণ এক থ্রু পাস দেন রদ্রিগো ডি পল। বল পেয়ে পরিচিত ভঙ্গিতে এগিয়ে যান মেসি। কয়েক কদম এগিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের বজ্রগতির শট।

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান দুই হাত ছুঁইয়েও বল ঠেকাতে পারেননি। বল জালে জড়াতেই যেন বিস্ফোরিত হয় অ্যারোহেড স্টেডিয়াম।প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখে আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে এসে আরো ভয়ংকর হয়ে ওঠেন অধিনায়ক।৬০ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দূরপাল্লার শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন লুকা জিদান। বল ফসকে পড়তেই সেখানে হাজির মেসি। মুহূর্তের মধ্যে ফিরতি বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন তিনি।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার গোলসংখ্যা পৌঁছে যায় ১৫-তে। তিনি ছাড়িয়ে যান গার্ড মুলার ও কিলিয়ান এমবাপেকে, ছুঁয়ে ফেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোকে।কিন্তু সেদিনের রাতটা ছিল আরও বড় কিছুর জন্য।

অবশেষে সেই হ্যাটট্রিক

বিশ্বকাপে ২০০৬ থেকে ২০২৬-ছয়টি আসর, অসংখ্য রেকর্ড, ফাইনাল, শিরোপা, গোল্ডেন বল, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব-সবই ছিল মেসির ঝুলিতে। শুধু ছিল না একটি বিশ্বকাপ হ্যাটট্রিক। দীর্ঘ ২০ বছরের অপেক্ষা শেষ হলো ৭৬ মিনিটে। নিকো গঞ্জালেসের সঙ্গে দ্রুত পাস বিনিময়ের পর বক্সের কিনারায় জায়গা তৈরি করেন মেসি। এরপর বাঁ পায়ের নিখুঁত কার্লিং শট।

বল জালে জড়াতেই দুই হাত আকাশের দিকে তুলে উদযাপন করেন আর্জেন্টাইন মহাতারকা। সতীর্থরা ছুটে আসেন, গ্যালারিতে শুরু হয় বজ্রধ্বনির মতো "মেসি, মেসি" ধ্বনি। বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। আর সেই হ্যাটট্রিকই তাকে পৌঁছে দিলো বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার শীর্ষে।

ক্লোসার পাশে, সামনে একক রাজত্বের সুযোগ

এই তিন গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬। সমান হয়ে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে। ক্লোসা চারটি বিশ্বকাপে ২৪ ম্যাচ খেলে ১৬ গোল করেছিলেন। মেসি সেই সংখ্যায় পৌঁছেছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপে ২৮তম ম্যাচে। এখন আর মাত্র একটি গোল। আর একটি গোল করলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে এককভাবে সিংহাসনে বসবেন আর্জেন্টিনার এই মহাতারকা।

২০০তম ম্যাচে আরও এক ইতিহাস

রাতটি শুধু হ্যাটট্রিকের জন্য স্মরণীয় নয়। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে মেসি হয়ে যান বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার, যিনি ছয়টি বিশ্বকাপ খেলেছেন। একই সঙ্গে এটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ। যেখানে অন্যরা ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে বিদায় ভাবতে শুরু করেন, সেখানে মেসি এখনো বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে রেকর্ড লিখে চলেছেন।

২০২২ সালে কাতারে স্বপ্ন পূরণ হয়েছিল। আর্জেন্টিনা ফিরে পেয়েছিল হারানো বিশ্বকাপ। অনেকেই ভেবেছিলেন, সেখানেই হয়তো শেষ হয়ে গেছে গল্প। কিন্তু কানসাস সিটির রাত জানান দিলো মেসির ক্ষুধা এখনো ফুরিয়ে যায়নি। বিশ্বচ্যাম্পিয়নরা তাদের শিরোপা রক্ষার মিশন শুরু করেছে এমন এক প্রদর্শনী দিয়ে, যা প্রতিপক্ষদের জন্য সতর্কবার্তা। আর সেই বার্তার কেন্দ্রবিন্দুতে আছেন একজনই।

লিওনেল মেসি, দুই দশক ধরে ফুটবলকে যিনি মুগ্ধ করে চলেছেন, তিনি এখনো থামেননি। বরং বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে আবারো প্রমাণ করলেন-জাদুকরের জাদু কখনো ফুরায় না।

   

About

Popular Links

x