Thursday, June 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

আর্জেন্টিনার খেলা দেখতে মধ্যরাত থেকেই টিএসসিতে সমর্থকদের ভিড়

ম্যাচটি ঘিরে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ

আপডেট : ১৭ জুন ২০২৬, ০২:০১ এএম

ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আজ মাঠে নামছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ঘিরে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত থেকেই বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন রাজু ভাস্কর্য এলাকায় জড়ো হতে শুরু করেন শত শত আর্জেন্টিনা সমর্থক। প্রিয় দলের খেলা বড় পর্দায় উপভোগ করতে মধ্যরাত থেকেই সেখানে ভক্তদের মিলনমেলায় পরিণত হয় পুরো এলাকা।

সরেজমিনে দেখা যায়, সমর্থকদের গায়ে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি, হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন ব্যানার। কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ পরিবারের সদস্যদের নিয়ে টিএসসি এলাকায় উপস্থিত হয়েছেন। খেলা শুরুর কয়েক ঘণ্টা আগেই তারা অবস্থান নিয়ে উৎসবের আমেজ তৈরি করেন।

সমর্থকদের অনেকেই বাঁশি বাজিয়ে, স্লোগান দিয়ে এবং আর্জেন্টিনার জনপ্রিয় ফুটবল গান গেয়ে পরিবেশকে প্রাণবন্ত করে তোলেন। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

খেলা দেখতে আসা সমর্থক ফাহিম বলেন, “ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। তাই পরিবার নিয়ে বড় পর্দায় খেলা দেখতে এসেছি। ম্যাচ সকাল ৭টায় হলেও রাতটা বন্ধুদের সঙ্গে কাটিয়ে খেলা উপভোগ করব।”

আরেক সমর্থক সাদিয়া বলেন, “আর্জেন্টিনার কোনো ম্যাচই আমি মিস করি না। এবারও দলটি বিশ্বকাপ জিতবে বলে আমার বিশ্বাস।”

ম্যাচ শুরুর সময় যত এগিয়ে আসছে, টিএসসি এলাকায় সমর্থকদের উপস্থিতিও তত বাড়ছে। প্রিয় দলের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর প্রত্যাশায় অধীর অপেক্ষায় রয়েছেন আর্জেন্টিনা ভক্তরা।

   

About

Popular Links

x